হাইব্রিড গাড়ি সার্ভিসিং প্রশিক্ষণ দিল ইএলএফ লুব্রিক্যান্টস

হাইব্রিড গাড়ি সার্ভিসিং প্রশিক্ষণ দিল ইএলএফ লুব্রিক্যান্টস
২৫ অক্টোবর, ২০২৫ ১০:০০  
২৫ অক্টোবর, ২০২৫ ১৪:০৬  


কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেডের সহযোগিতায় হাইব্রিড গাড়ির নিরাপত্তা, ত্রুটি শনাক্তকরণ ও রক্ষণা বেক্ষণে দেশের বিভিন্ন সার্ভিস ওয়ার্কশপ থেকে অংশ নেয়া ৫০ জন অভিজ্ঞ মেকানিককে প্রশিক্ষণ দিলো ফ্রান্সের পারফরম্যান্স লুব্রিক্যান্ট ব্র্যান্ড ইএলএফ লুব্রিক্যান্টস। টোটালএনার্জিসের এই ব্র্যান্ডের উদ্যোগে রাজধানীর কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেডে ২৪ অক্টোবর, শুক্রবার কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

হাইব্রিড গাড়ির ব্যাটারি সিস্টেমের যত্ন, ইলেকট্রিক মোটর পরীক্ষা, হাইব্রিড ট্রান্সমিশন সার্ভিসিং, হাই-ভোল্টেজ নিরাপত্তা এবং আধুনিক ত্রুটি শনাক্তকরণ প্রক্রিয়ার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ পান প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোটালএনার্জিস বাংলাদেশের বাণিজ্যিক বিক্রয় পরিচালক টেরি হায়াশি। এছাড়া বিভিন্ন ওয়ার্কশপ মালিক, সার্টিফায়েড মেকানিক, প্রশিক্ষক, ফ্লিট সার্ভিস ম্যানেজার, মোটরযান সাংবাদিক, ইএলএফ পরিবেশক ও অন্যান্য অংশীদাররা এ কর্মশালায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইএলএফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান বলেন, “গাড়ির প্রযুক্তি দ্রুত বদলাচ্ছে, তাই আমাদের দক্ষতাও তার সঙ্গে তাল মিলিয়ে বৃদ্ধি করতে হবে। আজকের প্রশিক্ষণ মূলত সেই টেকনিশিয়ানদের স্বীকৃতি প্রদানের জন্য, যারা প্রতিদিন আমাদের সড়কব্যবস্থা সচল রাখছেন। আমরা চাই তারা যেন নিরাপত্তা ও দক্ষতার সঙ্গে হাইব্রিড গাড়ি সংক্রান্ত সার্ভিস দিতে পারেন। পরিচ্ছন্ন ও আধুনিক পরিবহনের ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টায় বাংলাদেশের মেকানিকদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 

ইএলএফ বাংলাদেশের পরিচালক কোসুকে ইয়োশিদা বলেন, “টেকনিশিয়ানদের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করার মানে হলো ভবিষ্যতের পরিবহন খাতকে শক্তিশালী করা। মেকানিকদের মধ্যে আধুনিক হাইব্রিড সার্ভিসিংয়ের জ্ঞান ও নিরাপদ কার্যাভ্যাস তৈরির মাধ্যমে ইএলএফ দেশীয় গাড়ির ইকোসিস্টেমকে আরো সমৃদ্ধ করছে। এতে একদিকে গাড়ির পারফরম্যান্স ও নিরাপত্তা যেমন বাড়ছে, তেমনি সারাদেশে গড়ে উঠছে একটি টেকসই সার্ভিস নেটওয়ার্ক।“

আগামী দিনে নতুন প্রজন্মের গাড়ি তৈরিতে স্থানীয় কারিগরি সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছে ইএলএফ। প্রতিষ্ঠানটি জানয়েছে, কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেড ও শিল্পখাতের বিভিন্ন অংশীদারের সহযোগিতায় প্রশিক্ষণটি স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে প্রশিক্ষণে।