ওয়েমোর রোবোট্যাক্সি তদন্তে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিসিএ) গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের স্বচালিত গাড়ি ইউনিট ওয়েমো-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। অভিযোগে বলা হয়েছে, ওয়েমোর রোবোট্যাক্সি একটি থেমে থাকা স্কুল বাসের পাশে ট্রাফিক আইন লঙ্ঘন করেছে। খবর রয়টার্স।
সাম্প্রতিক এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, জর্জিয়া অঙ্গরাজ্যে একটি ওয়েমো গাড়ি স্কুল বাসের লাল বাতি ও স্টপ চিহ্ন সক্রিয় থাকা অবস্থায় বাসের পাশ দিয়ে চলে যায়, যখন শিক্ষার্থীরা নামছিল। প্রাথমিকভাবে গাড়িটি থামলেও পরে ধীরে ধীরে বাসের সামনে দিয়ে চলে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় এনএইচটিএসএ প্রায় ২,০০০ ওয়েমো গাড়ি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে, ওয়েমোর স্বচালিত সিস্টেম ইতিমধ্যে ১০ কোটি মাইলের বেশি পথ অতিক্রম করেছে এবং প্রতি সপ্তাহে প্রায় ২০ লাখ মাইল চালানো হয়, ফলে অনুরূপ ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
ওয়েমো জানিয়েছে, স্কুল বাসের নিরাপত্তা সংক্রান্ত সফটওয়্যারে ইতিমধ্যে উন্নয়ন আনা হয়েছে এবং পরবর্তী আপডেটে আরও সংশোধন আসবে। কোম্পানির দাবি, “শিশুদের আশপাশে নিরাপদে গাড়ি চালানো সবসময় ওয়েমোর শীর্ষ অগ্রাধিকার।”
উল্লেখ্য, বর্তমানে ওয়েমোর প্রায় ১,৫০০ রোবোট্যাক্সি যুক্তরাষ্ট্রের ফিনিক্স, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও অস্টিনসহ বড় শহরগুলোতে চালু আছে।
ডিবিটেক/বিএমটি



