কোয়ান্টাম কম্পিউটিংয়ে গুগলের যুগান্তকারী সাফল্য

কোয়ান্টাম কম্পিউটিংয়ে গুগলের যুগান্তকারী সাফল্য
২৩ অক্টোবর, ২০২৫ ১৭:১৯  

প্রযুক্তি জায়ান্ট গুগল জানিয়েছে, তারা এমন এক নতুন কম্পিউটার অ্যালগরিদম তৈরি করেছে যা কোয়ান্টাম কম্পিউটিংকে ব্যবহারিক প্রয়োগের পথে এগিয়ে নিতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একেবারে নতুন ধরনের তথ্য উৎপাদনে সক্ষম হবে। ‘কোয়ান্টাম একোস’ নামের এই অ্যালগরিদমটি গুগলের নিজস্ব কোয়ান্টাম চিপে চলে, যা প্রচলিত সুপারকম্পিউটারের সবচেয়ে উন্নত অ্যালগরিদমের তুলনায় ১৩ হাজার গুণ দ্রুত কাজ করে। খবর টেকক্রাঞ্চ।

গুগলের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি ওষুধ আবিষ্কার ও নতুন উপাদান উদ্ভাবনে বড় ভূমিকা রাখতে পারে, কারণ এটি অণুর গঠন নির্ভুলভাবে পরিমাপ করতে সক্ষম হবে।

অ্যালফাবেটের মালিকানাধীন গুগল বর্তমানে অ্যামাজন ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে কোয়ান্টাম কম্পিউটিং গবেষণায় বিনিয়োগ করছে। গত বছর প্রতিষ্ঠানটি ‘উইলো’ নামের এক কোয়ান্টাম চিপ উন্মোচন করে, যা কোয়ান্টাম বিট বা ‘কিউবিট’-এর প্রধান সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছে।

গুগল জানিয়েছে, তাদের নতুন অ্যালগরিদমের কার্যকারিতা অন্য কোয়ান্টাম যন্ত্র দিয়েও যাচাই করা সম্ভব, যা ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরিতে সহায়ক হবে।

ডিবিটেক/বিএমটি