৪ ট্রিলিয়ন ডলারের পথে অ্যাপল
সাম্প্রতিক বিক্রির সাফল্যে ইতিহাসের আরেকটি মাইলফলকের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে অ্যাপল। সোমবার কোম্পানির শেয়ারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ২৬২.৯ ডলার, ফলে তাদের বাজারমূল্য প্রায় ৩.৯ ট্রিলিয়ন ডলার, যা এনভিডিয়ার পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মূল্যবান প্রতিষ্ঠান হিসেবে অবস্থান করছে। খবর রয়টার্স।
গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ জানিয়েছে, আইফোন ১৭ সিরিজ চীন ও যুক্তরাষ্ট্রে বিক্রির প্রথম ১০ দিনেই আইফোন ১৬-এর তুলনায় ১৪ শতাংশ বেশি বিক্রি হয়েছে। এ তথ্য প্রকাশের পরই শেয়ারবাজারে অ্যাপলের দারুণ উত্থান ঘটে।
বিশ্লেষক সংস্থা এভারকোর আইএসআই জানিয়েছে, অ্যাপল ডিসেম্বর ত্রৈমাসিকেও প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল দিতে পারে। বিশেষ করে চীনে অনলাইন অর্ডার চালুর ফলে স্থানীয় বাজারে চাহিদা আরও বাড়ছে।
অ্যাপল সেপ্টেম্বরে নতুন প্রজন্মের আইফোন উন্মোচন করেছে, যার মধ্যে রয়েছে পাতলা আইফোন এয়ার, তবে দাম আগের মতোই রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক সংকট ও চীনা প্রতিযোগিতার মধ্যেও অ্যাপল শেয়ার বছরের শুরু থেকে ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
কোম্পানিটি আগামী ৩০ অক্টোবর ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশ করবে। বিশ্লেষকদের ধারণা, আইফোন ১৭ সিরিজের বিক্রির গতি অব্যাহত থাকলে অ্যাপল শিগগিরই ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য স্পর্শ করতে পারে।
ডিবিটেক/বিএমটি







