নতুন পে-পার-ইউজ মডেল চালু করছে এক্স

নতুন পে-পার-ইউজ মডেল চালু করছে এক্স
২১ অক্টোবর, ২০২৫ ২২:১৫  

দুই বছর আগে ডেভেলপার প্রোগ্রাম ও মূল্য কাঠামো নতুনভাবে সাজানোর পর, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবার তাদের এপিআই ব্যবহারের জন্য “পে-পার-ইউজ” মডেল পরীক্ষামূলকভাবে চালু করেছে। কোম্পানিটি বর্তমানে এই নতুন পরিকল্পনার ক্লোজড বেটা সংস্করণ আরও বেশি ডেভেলপারের জন্য উন্মুক্ত করছে। খবর টেকক্রাঞ্চ।

এক্সের ডেভেলপার অ্যাকাউন্টে জানানো হয়, “নতুন ও অভিজ্ঞ ডেভেলপার যারা এক্সে চমৎকার অ্যাপ তৈরি করতে চান তাদের জন্য আমরা ক্লোজড বেটা সম্প্রসারণ করছি,”

নতুন এপিআই পৃষ্ঠায় বিভিন্ন ধরণের অনুরোধের (যেমন পোস্ট তৈরি, বার্তা পাঠানো, ট্রেন্ড বা বুকমার্ক তথ্য সংগ্রহ) আলাদা খরচ নির্ধারণ করা হয়েছে। সেখানে একটি মূল্য ক্যালকুলেটর-ও রয়েছে, যা ব্যবহার করে ডেভেলপাররা নির্দিষ্ট ব্যবহারের ওপর ভিত্তি করে সম্ভাব্য খরচ অনুমান করতে পারবেন।

এর আগে এক্সের পুরনো টায়ার-ভিত্তিক মডেলে সব অনুরোধের খরচ সমান ছিল। নতুন মডেলে মাসিক সীমা না থাকায় এটি আরও নমনীয় হবে বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালে এক্স তাদের এপিআই-র ফ্রি অ্যাক্সেস বন্ধ করে দেয়, যার ফলে অনেক তৃতীয় পক্ষের অ্যাপ বন্ধ হয়ে যায়। পরে প্রতিষ্ঠানটি প্রতি মাসে ২০০ ডলারের বেসিক প্ল্যান, ৫ হাজার ডলারের প্রো প্ল্যান, এবং ৪২ হাজার ডলারের এন্টারপ্রাইজ প্ল্যান চালু করে, যা অনেক ডেভেলপারের জন্য ব্যয়সাধ্য হয়ে পড়ে।

নতুন ব্যবহাভিত্তিক এই পরিকল্পনার মাধ্যমে এক্স হয়তো সেই ডেভেলপারদের ফিরিয়ে আনতে পারবে, যারা সামাজিক মাধ্যমটির সঙ্গে অ্যাপ সংযুক্ত করতে চান বা নতুন টুল তৈরি করতে আগ্রহী।

ডিবিটেক/বিএমটি