ই-বাইক শোভাযাত্রায় ডাক দিবস উদ্বোধন

ই-বাইক শোভাযাত্রায় ডাক দিবস উদ্বোধন
৯ অক্টোবর, ২০২৫ ০৯:১২  

‘জনগণের জন্য ডাক : স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’ প্রতিপাদ্যে এবার দুই দিন ধরে ‘বিশ্ব ডাক দিবস’ পালন করছে বাংলাদেশ। ৯ আগস্ট, বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্‌যাপন কার্যক্রম শুরু হয়। শোভাযাত্রায় ব্রিটিশ আমল থেকে লণ্ঠন হাতে ছুটে চলা রানারদের স্মরণ করে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ডাক বিভাগের নতুন অধ্যায় সূচনায় যুক্ত হওয়া ‘ই-বাইক’ নিয়ে র‌্যালিতে অংশ নেন ডাকের ডেলিভারে ম্যানরাও। খাকি পোশাক পরিহিত সেই রানারদের পোশাক না বদলে কাঁধের ঝোলার পরিবর্তে দেখা গেলো ই-বাইকের পেছনে জুড়ে দেয়া হয়েছে লাল রঙের বাক্স।  

কবুতর ও বেলুন উড়িয়ে এই শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। এসময় শোভাযাত্রায় বিশেষ সহকারীর সঙ্গী হন ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী ও ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শোভা যাত্রায় অংশ নেন ডাক বিভাগের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী।

শোভাযাত্রা শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, সময়ের সঙ্গে এগিয়ে নিতে ডাক বিভাগের বেশ কিছু সংস্কার করছে অন্তর্বর্তীকালীন সরকার। ডাক বিভাগের ডিজিটালাইজেশন এর পাশাপাশি ই কারেন্সি, ই পোস্টাল সার্ভিস সহ কারিগরি নানা বিষয় সহজলভ্য করার কাজ চলমান রয়েছে জানিয়ে তিনি বলেছেন, এড্রেস ডিজিটালাইজেশন, কুরিয়ার সার্ভিস ই-কমার্সকে নিয়মতান্ত্রিক করা, ট্রেনিং ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম একইসাথে ডাক বিভাগের বেদখল হওয়া জমি উদ্ধার ও দখলমুক্ত করার কাজও গুরুত্বের সাথে করছে সরকার। বাংলাদেশের ই কমার্সকে শহর থেকে গ্রামে পৌঁছে দিতে অন্তর্ভূক্তিমূলক ডিজিটাল লেনদেন ও লসিস্টিক ইকো সিস্টেম গড়তে সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বে কাজ করা হচ্ছে। 

অনুষ্ঠানসূচি অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘আগামীর ভাবনায় ডাক’ শীর্ষক সেমিনার। সেখানে ডাক সেবার ডিজিটাল রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করবেন।

কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেলে হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এদিকে দিবস উদযাপন উপলক্ষে ঢাক ভবনের নিচ তলায় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনর বিভিন্ন প্রতিষ্ঠান। অনুষ্ঠান উদযাপনে ডাকের সহযোগী হিসেবে রয়েছে  বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।