সাশ্রয়ী দুই সংস্করণের ইভি উন্মোচন করল টেসলা

সাশ্রয়ী দুই সংস্করণের ইভি উন্মোচন করল টেসলা
৮ অক্টোবর, ২০২৫ ১৪:২৩  

বিশ্বের শীর্ষ ইভি নির্মাতা টেসলা তাদের জনপ্রিয় মডেল ওয়াই এসইউভি এবং মডেল ৩ সেডানের নতুন সংস্করণ উন্মোচন করেছে, যেগুলোকে “সাশ্রয়ী” বলা হলেও অনেকের মতে দাম এখনও বেশি। মডেল ওয়াই-এর দাম ৩৯,৯৯০ ডলার এবং মডেল ৩-এর দাম ৩৬,৯৯০ ডলার নির্ধারণ করা হয়েছে, যা প্রত্যাশার চেয়ে প্রায় ৫,০০০ ডলার বেশি। খবর রয়টার্স।

ইলন মাস্ক গত বছর বলেছিলেন, প্রণোদনা যুক্ত হওয়ার পর ৩০,০০০ ডলারের নিচে দাম নামাতে পারলে সাধারণ ক্রেতাদের আকৃষ্ট করা সম্ভব হবে। তবে নতুন গাড়িগুলোর দাম সেই লক্ষ্য থেকে দূরে রয়ে গেছে।

ইউরোপ ও চীনে প্রতিদ্বন্দ্বী কোম্পানির সঙ্গে তীব্র প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রে ৭,৫০০ ডলারের ট্যাক্স ক্রেডিট বাতিলের পর বিক্রি কমে যাওয়ায় টেসলা এই সংস্করণ এনেছে। নতুন মডেলগুলোতে কিছু প্রিমিয়াম ফিচার বাদ দেওয়া হলেও একবার চার্জে ৩০০ মাইলের বেশি (প্রায় ৪৮০ কিলোমিটার) চলতে পারবে।

ওয়েডবুশের বিশ্লেষক ড্যান আইভস বলেন, “এটি মূলত দাম কমানোর কৌশল, নতুন কোনো উদ্ভাবন নয়।” বিশ্লেষকদের মতে, ৪০,০০০ ডলারের নিচে দাম নামলে বিক্রি বাড়তে পারে, তবে টেসলার বড় পরিবর্তন আনতে হলে ৩০,০০০ ডলারের নিচে একটি নতুন ইভি আনা জরুরি।

ডিবিটেক/বিএমটি