ড্রাইভিং লাইসেন্স ইস্যুর আগে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করার দাবি
সড়ক দুর্ঘটনা রোধে চালকদের মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিতে ড্রাইভিং লাইসেন্স ইস্যুর আগে ৬০ ঘণ্টার ইনক্লুসিভ ট্রেনিং বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল মালিক সমিতি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এই দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে স্মারকলিপি প্রদান করেন সমিতির আহ্বায়ক মো. মোজাম্মেল হক চৌধুরী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিআরটিএর নিবন্ধিত ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলোকে এই ৬০ ঘণ্টার প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করলে চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়বে। এতে সড়ক দুর্ঘটনা কমবে।
বর্তমানে দেশে বিআরটিএ নিবন্ধিত ১৫০টি ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল রয়েছে, যার মধ্যে ১৩৫টি বেসরকারিভাবে পরিচালিত। এসব স্কুলে ৩০০ জন ইনস্ট্রাকটর কাজ করছেন। অবকাঠামোগত সহায়তা পেলে এসব প্রতিষ্ঠান বছরে অন্তত ১০ হাজার দক্ষ ও নিরাপদ চালক তৈরি করতে পারবে বলে দাবি করেছেন সমিতির নেতারা। এছাড়া, বিআরটিসি এবং ব্র্যাক পরিচালিত আরো কয়েকটি ড্রাইভিং স্কুল ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি ব্র্যাক ও বিআরটিসিকে প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়টি আলোচনায় এসেছে। অথচ ব্র্যাকের মাত্র ৩টি নিবন্ধিত স্কুল রয়েছে ঢাকা ও চট্টগ্রামে, আর বিআরটিসির রয়েছে ১০-১২টি স্কুল, যা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলছে। ব্র্যাক বিদেশি অনুদানে পরিচালিত হলেও সর্বনিম্ন ২০ হাজার টাকা ফি নেয়, ফলে সাধারণ চালকেরা সেখানে প্রশিক্ষণ নিতে সক্ষম নয়।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে আধুনিক ড্রাইভিং প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চায় তারা।







