এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড হয়েছে। ওই নম্বর থেকে এখন বিভিন্ন জনকে মেসেজ পাঠিয়ে টাকা চাওয়া হচ্ছে। কয়েকজন সাংবাদিকও এনবিআর চেয়ারম্যানের নম্বর থেকে এরকম বার্তা পেয়েছেন।
একজন সাংবাদিকের নম্বরে পাঠানো বার্তায় বলা হয়, "আমার বিকাশে এখন ৩৫ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দিব।"
আরেক সাংবাদিককে লেখা হয়, "আমার বিকাশে এখন ৩০ হাজার টাকা লাগবে। দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দিব।"
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে এবং বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে এনবিআর।
২৪ সেপ্টেম্বর, বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন এনবিরের সংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ। তিনি বলেন, ‘‘এনবিআর চেয়ারম্যানের নাম ব্যবহার করে কেউ যেন প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।’’
এনবিআরের জনসংযোগ বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে আল-আমিন শেখ জানান, ‘জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মো. আব্দুর রহমান খান, এফসিএমএ স্যারের whatsapp নাম্বার হ্যাক হয়েছে। কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইলো।’
আল-আমিন শেখ বলেন, ‘আমার কাছে ২টা ২৮ মিনিটে চেয়ারম্যান স্যারের নম্বর থেকে টাকা ধার চেয়ে মেসেজ আসে। স্যারকে অবহিত করতেই তিনি জানালেন—নম্বর হ্যাকড হয়েছে। সবাইকে জানিয়ে দিতে বলেছেন।’



