১০ শর্তে ই-বাইক উৎপাদনে করছাড়

১০ শর্তে ই-বাইক উৎপাদনে করছাড়
১২ জুন, ২০২৫ ১১:৫৯  
১২ জুন, ২০২৫ ১৬:৫৯  

দেশীয় ই-বাইক শিল্পকে উৎসাহিত করতে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জ্বালানি সাশ্রয়ী ই-বাইক উৎপাদনে বড় ধরনের করছাড়ের প্রস্তাব করা হয়েছে। বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, স্থানীয়ভাবে ই-বাইক উৎপাদনে ৫ শতাংশের বেশি সব ধরনের কর মওকুফ করা হবে। পাশাপাশি, ই-বাইক তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানি বা দেশীয়ভাবে কেনার ক্ষেত্রেও ভ্যাট, আগাম কর ও সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়া হবে।

তবে এই কর ছাড় পেতে ১০টি শর্ত মানতে হবে উদ্যোক্তাদের।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানাগেছে, ই-বাইক উৎপাদনে উদ্যোক্তাদের অবশ্যই ই-বাইক কারখানা স্থাপনের জন্য বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা হাইটেক পার্ক কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন এবং বিআরটিএ থেকে মেকারস কোড ও টাইপ অনুমোদন নিতে হবে। থাকতে হবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ আইএসও সনদ ।

এছাড়াও কারখানায়  আধুনিক যন্ত্রপাতি ও কাঁচামাল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চেসিস উৎপাদনের সক্ষমতাসহ কমপক্ষে ২৫০ জন কর্মী থাকতে হবে। ই-বাইকের প্লাস্টিক অংশ তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করতে হবে নিজস্ব কারখানায়। থাকতে হবে নিজস্ব পেইন্ট শপ এবং ই বাইক রং করার কাজ কারখানাতেই করতে হবে।

পাশাপাশি  ইলেকট্রিক মোটর ও যন্ত্রাংশ নিজস্বভাবে উৎপাদন করতে হবে এবং ব্যাটারি তৈরি করতে হবে নিজ উদ্যোগে বা স্থানীয় উৎপাদনকারীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে ব্যাটারি সংগ্রহ করতে হবে।

 সর্বপোরি উৎপাদিত ই-বাইক বিপননে বিক্রয়কেন্দ্র, যন্ত্রাংশ সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা কেন্দ্র নিশ্চিত করতে হবে।