দুই বছরের মধ্যে ইভি ব্যাটারি আনবে প্যানাসনিক
জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান প্যানাসনিক ঘোষণা করেছে, তারা আগামী দুই বছরের মধ্যে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরি করতে চায়, যা এ খাতে বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। প্রতিষ্ঠানটির দাবি, এ প্রযুক্তি ২০২৭ সালের শেষ নাগাদ “বিশ্বসেরা ক্ষমতা” অর্জন করতে সক্ষম হবে। খবর রয়টার্স।
নতুন এ ব্যাটারিতে উৎপাদন প্রক্রিয়ার সময় অ্যানোড বাদ দেওয়া হবে। প্রথমবার চার্জ দেওয়ার পর ব্যাটারির ভেতরে লিথিয়াম মেটাল অ্যানোড তৈরি হবে, যা অধিক সক্রিয় ক্যাথোড উপাদান—নিকেল, কোবাল্ট ও অ্যালুমিনিয়াম—ব্যবহারের সুযোগ তৈরি করবে। ফলে ব্যাটারির ঘনত্ব প্রায় ২৫ শতাংশ বাড়বে। এর মাধ্যমে টেসলার জনপ্রিয় মডেল ওয়াই গাড়ির চলাচলের দূরত্ব প্রায় ১৪৫ কিলোমিটার বাড়তে পারে।
প্যানাসনিক জানায়, এ প্রযুক্তি ব্যবহার করে একই দূরত্বে হালকা ও সম্ভাব্যভাবে সস্তা ব্যাটারিও তৈরি করা সম্ভব হবে। প্রতিষ্ঠানটি নিকেলের ব্যবহার কমানোর দিকেও নজর দিচ্ছে। যদিও উৎপাদন খরচ সম্পর্কে বিস্তারিত জানায়নি।
বিশ্বের একাধিক ব্যাটারি প্রস্তুতকারী একই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে।
ডিবিটেক/বিএমটি







