গুগল ও পেপ্যালের মধ্যে এআইভিত্তিক অংশীদারিত্ব
গুগল ও পেপ্যাল একটি বহুবছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীদের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কেনাকাটা ও অর্থপ্রদানের সুবিধা চালু করা হবে। বুধবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।
এ ঘোষণার পর পেপ্যালের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি বেড়ে যায়।
চুক্তির আওতায় পেপ্যালের বিভিন্ন সমাধান যেমন পেপ্যাল ব্র্যান্ডেড চেকআউট, হাইপারওয়ালেট ও পেআউটস গুগলের বিভিন্ন পণ্যে যুক্ত হবে।
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানান, এ অংশীদারিত্ব গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেবা ও নিরাপত্তা আরও উন্নত করবে এবং পেপ্যালের উদ্ভাবনী পেমেন্ট সুবিধাগুলো গুগল প্ল্যাটফর্মে গভীরভাবে সংযুক্ত করবে।
এ চুক্তির মাধ্যমে গুগল ক্লাউড, গুগল প্লে–সহ বিভিন্ন সেবায় কার্ড পেমেন্ট প্রক্রিয়ায় পেপ্যালের এন্টারপ্রাইজ পেমেন্টস মূল প্রদানকারী হিসেবে কাজ করবে।
এর আগে চলতি মাসে পেপ্যাল ঘোষণা দিয়েছিল, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সার্চ প্রতিষ্ঠান পারপ্লেক্সিটির সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে, যাতে তাদের ব্যবহারকারীরা নতুন এআই-চালিত কমেট ব্রাউজারের প্রো সংস্করণ এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারেন।
ডিবিটেক/বিএমটি





