ফিশিংয়ের অভিযোগে ৩৪০ ওয়েবসাইট জব্দ করলো মাইক্রোসফট

ফিশিংয়ের অভিযোগে ৩৪০ ওয়েবসাইট জব্দ করলো মাইক্রোসফট
১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১০  

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, তারা প্রায় ৩৪০টি ওয়েবসাইট জব্দ করেছে যেগুলো ফিশিং কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল। প্রতিষ্ঠানটি মার্কিন আদালতের নির্দেশে এই অভিযান চালায়। খবর রয়টার্স।

মাইক্রোসফট জানায়, ওয়েবসাইটগুলো ছিল “র‍্যাকুন০৩৬৫” নামক একটি সাবস্ক্রিপশন সেবার সঙ্গে যুক্ত, যা ব্যবহারকারীদের নকল লগইন পেজ তৈরি করে ফিশিং আক্রমণ চালানোর সুযোগ দিত। এ সেবার মাধ্যমে ইতোমধ্যে অন্তত ৫ হাজার মাইক্রোসফট অ্যাকাউন্টের তথ্য চুরি হয়েছে।

কোম্পানির ডিজিটাল ক্রাইম ইউনিটের সহকারী জেনারেল কাউন্সেল স্টিভেন মাসাদা বলেন, র‍্যাকুন০৩৬৫ টেলিগ্রামের একটি ব্যক্তিগত চ্যানেল থেকে পরিচালিত হচ্ছিল, যেখানে ৮৫০ এর বেশি সাবস্ক্রাইবার ছিল। এ নেটওয়ার্ক জুলাই ২০২৪ থেকে সক্রিয় এবং এখন পর্যন্ত অন্তত ১ লাখ ডলার ক্রিপ্টোকারেন্সি আয় করেছে।

মাইক্রোসফট জানিয়েছে, এই নেটওয়ার্কের নেতৃত্ব দিচ্ছিলেন নাইজেরিয়ার নাগরিক জোশুয়া ওগুনডিপে। ফিশিং হামলায় তারা নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠানসহ স্বাস্থ্য খাতের একাধিক সংস্থাকে লক্ষ্যবস্তু করেছে।

মাসাদা সতর্ক করে বলেন, “সাইবার অপরাধে উচ্চ প্রযুক্তির দরকার নেই। সহজ সরঞ্জাম দিয়েই লাখো ব্যবহারকারী ঝুঁকিতে পড়ছে।”

ডিবিটেক/বিএমটি