এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিনটি আনল বাংলালিংক
ডিজিটাল উদ্ভাবনে নিজেদের অগ্রণী ভূমিকা ধরে রাখার ধারাবাহিকতায় এআই-ভিত্তিক কাস্টমার এক্সপেরিয়েন্স চ্যাটবট উন্মোচন করেছে বাংলালিংক। এ মাইবিএল সুপার অ্যাপ ও রাইজ অ্যাপে থাকা এ চ্যাটবটটি ‘হিউম্যান-লাইক কনভারসেশন’ -এর মত তাৎক্ষণিকভাবে সমাধান দিয়ে গ্রাহক অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে। গ্রাহকদের সামগ্রিক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ব্যালেন্স চেক থেকে শুরু করে প্যাকেজ কেনা পর্যন্ত, ব্যবহারকারীদের দ্রুত সেলফ-সার্ভিস সুবিধা দিবে চ্যাটবটটি।
বাংলালিংক জানিয়েছে, গুগল ও বাংলালিংকের যৌথ প্রচেষ্টায় তৈরি এই জেনএআই চ্যাট ইঞ্জিনটি গ্রাহকদের সুবিধার্থে বাংলা ও ইংরেজির পাশাপাশি এই দুই ভাষার সংমিশ্রণে নিরবচ্ছিন্ন সহায়তা নিশ্চিত করতে সর্বাধুনিক ন্যাচারাল ল্য্গাুয়েজ প্রসেসিং সক্ষমতা ব্যবহার করা হয়েছে।
সিদ্ধান্ত গ্রহণ, গ্রাহক-সম্পৃক্ততা ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে সব ধরনের কার্যক্রমে অগমেন্টেড ইন্টেলিজেন্স প্রয়োগের ওপর গুরুত্বারোপ করার ক্ষেত্রে এআই ১৪৪০ কৌশল গ্রহণ করে ভিওন। এ কৌশলে অনুপ্রাণিত হয়ে বাংলালিংক এর ‘সবার জন্য এআই’ ধারণা বাস্তবায়নের প্রতিশ্রুতি হিসেবে এআই-সমর্থিত অ্যাপ রাইজ চালু করে। এবার নিরবচ্ছিন্ন যোগাযোগে ব্যবহারকারীর অগ্রাধিকার নিশ্চিতে দেশের টেলিযোগাযোগ খাতে প্রথমবারের মত এআই-ভিত্তিক সাপোর্ট টুল উন্মোচন করল বাংলালিংক।
এ নিয়ে ডিজিটাল সম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “গুগল ও বাংলালিংকের যৌথ প্রচেষ্টায় তৈরি এই জেনএআই চ্যাট ইঞ্জিনটি এআই-ভিত্তিক সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। এ উদ্ভাবন আমাদের গ্রাহকদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে এবং তারা যেন আরও সহজে আমাদের সেবাগুলো উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করবে। এ সমাধান নিয়ে আসার মাধ্যমে আমরা টেলিযোগাযোগ খাতে নতুন মানদণ্ড স্থাপন করতে চাই।”







