মেটাকে টেক্কা দিতে এআর গ্লাস আনছে অ্যামাজন

মেটাকে টেক্কা দিতে এআর গ্লাস আনছে অ্যামাজন
১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:১৪  

অ্যামাজন তাদের ভোক্তাদের জন্য অগমেন্টেড রিয়ালিটি (এআর) গ্লাস তৈরি করছে, যা সরাসরি মেটার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামাবে। দ্য ইনফরমেশন-এর প্রতিবেদন অনুযায়ী, গ্লাসটির কোডনেম “জেহক”। খবর রয়টার্স।

খবরে বলা হয়, এআর গ্লাসটিতে থাকবে মাইক্রোফোন, স্পিকার, ক্যামেরা এবং এক চোখে ফুল-কালার ডিসপ্লে। পণ্যটি বাজারে আসতে পারে ২০২৬ সালের শেষের দিকে বা ২০২৭ সালের শুরুতে।

অ্যামাজন এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে জানা গেছে, ডেলিভারি কর্মীদের জন্য তৈরি বিশেষ চশমার পর এবারই প্রথম কনজ্যুমার মার্কেটে প্রবেশ করতে যাচ্ছে কোম্পানিটি। কর্মীদের জন্য তৈরি মডেলটিতে টার্ন-বাই-টার্ন নেভিগেশন সাপোর্ট থাকবে এবং এটি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে সীমিতভাবে (প্রায় ১ লাখ ইউনিট) বাজারে আসতে পারে।

কনজ্যুমার সংস্করণ হবে হালকা ও ঝকঝকে, যেখানে ফুল-কালার ডিসপ্লে যুক্ত করা হবে। এই গ্লাস সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে মেটার নতুন এআর গ্লাসের সঙ্গে, যা কোম্পানিটি আগামী সপ্তাহে কনেক্ট কনফারেন্সে উন্মোচন করতে পারে। এর আগে মেটা ওয়াকলে ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে এআই-চালিত স্মার্ট গ্লাস এনেছিল, আর ২০২৩ সালে উন্মোচন হওয়া রে-ব্যান মেটা ইতোমধ্যেই মিলিয়নের বেশি বিক্রি হয়েছে।

ডিবিটেক/বিএমটি