পাবজি ই-স্পোর্টস টুর্নামেন্টে যুক্ত হলো এয়ারটেল
আসন্ন পাবজি মোবাইল গেমিং প্রতিযোগিতায় অংশীদার হয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি। স্থানীয় ই-স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে রবি কর্পোরেট অফিসে এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তিও সই হয়েছে। চুক্তি অনুযায়ী রবি-তে একীভূত ব্র্যান্ড এয়ারটেলের জন্য গেমিং প্যাকেজ চালুর সিদ্ধান্ত হয়েছে।
এ নিয়ে রবি আজিয়াটা পিএলসি-এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমেদ বলেন, “পাবজি মোবাইল বিশ্বব্যাপী তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় গেমগুলির একটি। এই অংশীদারত্বের মাধ্যমে, এয়ারটেল বাংলাদেশের তরুণদের জন্য গেমিং এবং ই-স্পোর্টসকে আরও সহজতর, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর করে তুলছে।”
রবির ই-স্পোর্টস এবং গেমিং বিভাগের জেনারেল ম্যানেজার ফাত্তাহ আহমেদ বলেন, “বাংলাদেশের গেমিং সম্প্রদায়কে সমর্থন করার ক্ষেত্রে রবি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে। টেনসেন্টের সাথে আমাদের অংশীদারিত্ব সেই প্রতিশ্রুতিকে পরবর্তী স্তরে নিয়ে যায়, স্থানীয় গেমারদের জন্য নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে।”
পাবজি মোবাইল-এর দক্ষিণ এশিয়ার প্রকাশনা প্রধান আইসাক মন্তব্য করেন, “আমরা বাংলাদেশকে বিশ্বব্যাপী গেমিং মঞ্চে একটি উদীয়মান শক্তি হিসেবে দেখি। এয়ারটেল এবং রবি আজিয়াটার সাথে এই অংশীদারত্ব প্রযুক্তি, প্রতিভা এবং সুযোগের ওপর ভিত্তি করে একটি টেকসই ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এটি বাংলাদেশের পরবর্তী প্রজন্মের গেমার, কন্টেন্ট নির্মাতা এবং ই-স্পোর্টস পেশাদারদের বিশ্ব মঞ্চে প্রতিযোগিতা করতে এবং সফল হতে সাহায্য করবে।”







