অ্যাপলের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে লেখকদের মামলা

অ্যাপলের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে লেখকদের মামলা
৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৩  

কপিরাইট করা বই অনুমতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণে ব্যবহার করার অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে একদল লেখক মামলা করেছেন। ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টে দায়ের হওয়া মামলায় লেখক গ্রেডি হেনড্রিক্স ও জেনিফার রবারসন দাবি করেছেন, তাদের লেখনি অনুমতি, স্বীকৃতি বা পারিশ্রমিক ছাড়াই অ্যাপলের ওপেনইএলএম ভাষা মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে। খবর রয়টার্স।

লেখকরা অভিযোগ করেছেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে পাইরেটেড বইয়ের ডেটাসেট কাজে লাগিয়েছে। মামলায় বলা হয়, “অ্যাপল কখনোই লেখকদের তাদের অবদানের জন্য কোনো পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করেনি।” এ বিষয়ে অ্যাপল বা মামলার বাদীপক্ষের আইনজীবীরা তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।

এটি প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে চলমান আইনি লড়াইয়ের সর্বশেষ সংযোজন। এর আগে ওপেনএআই, মেটা এবং মাইক্রোসফটও একই ধরনের অভিযোগের মুখে পড়েছে। সম্প্রতি অ্যানথ্রপিক লেখকদের সঙ্গে ১.৫ বিলিয়ন ডলারের সমঝোতা করেছে, যা কপিরাইট সংক্রান্ত সবচেয়ে বড় আর্থিক নিষ্পত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের মামলা এআই প্রশিক্ষণে ব্যবহৃত ডেটার বৈধতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে এবং প্রযুক্তি খাতের জন্য নতুন চ্যালেঞ্জ বয়ে আনছে।

ডিবিটেক/বিএমটি