এআই ব্রাউজার কিনতে ৬১০ মিলিয়ন ডলারের চুক্তিতে অ্যাটলাসিয়ান

এআই ব্রাউজার কিনতে ৬১০ মিলিয়ন ডলারের চুক্তিতে অ্যাটলাসিয়ান
৪ সেপ্টেম্বর, ২০২৫ ২১:২৩  

অ্যাটলাসিয়ান জানিয়েছে, তারা ৬১০ মিলিয়ন ডলারে নিউইয়র্কভিত্তিক দ্য ব্রাউজার কোম্পানি অধিগ্রহণ করতে যাচ্ছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্রুত বাড়তে থাকা এআই-চালিত ব্রাউজার বাজারে প্রবেশ করছে। খবর রয়টার্স।

দ্য ব্রাউজার কোম্পানির তৈরি ডিয়া ব্রাউজারটি এই বছর চালু হয়েছে, যা ওয়েব জুড়ে বিভিন্ন কাজ ও টুল একত্রিত করে ব্যবহারকারীদের জন্য প্রসঙ্গভিত্তিক সুবিধা দেয়। তবে বাজারে প্রতিদ্বন্দ্বীও শক্তিশালী—এনভিডিয়া সমর্থিত পারপ্লেক্সিটির কমেট এবং ব্রেভের লিও ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।

অ্যাটলাসিয়ান পরিকল্পনা করছে ডিয়াকে অফিসকেন্দ্রিক ব্রাউজার হিসেবে গড়ে তুলতে, যেখানে কাজের টুল, কনটেক্সট ও সহযোগিতা থাকবে একত্রে। বর্তমানে মাইক্রোসফটের এজ কোপাইলট সংযুক্ত থাকার কারণে কর্পোরেট পর্যায়ে ব্যাপক ব্যবহৃত হলেও, ক্রোম এখনো ৬৯% বাজার দখলে রেখেছে।

২০১৯ সালে প্রতিষ্ঠিত দ্য ব্রাউজার কোম্পানি পূর্বে আর্ক ও ডিয়া ব্রাউজার উন্মোচন করে। গত বছর তারা ৫০ মিলিয়ন ডলারের সিরিজ বি তহবিল সংগ্রহে ৫৫০ মিলিয়ন ডলার মূল্যায়ন পেয়েছিল।

অ্যাটলাসিয়ান জানিয়েছে, চুক্তিটি তাদের ২০২৬–২৭ অর্থবছরের আয়-ফলাফলে বড় কোনো প্রভাব ফেলবে না।

ডিবিটেক/বিএমটি