রোবট ‘ওয়ালি’-তে শুরু বিজ্ঞান উৎসবের ঢাকা আঞ্চলিক পর্ব

রোবট  ‘ওয়ালি’-তে শুরু বিজ্ঞান উৎসবের ঢাকা আঞ্চলিক পর্ব
৩০ আগষ্ট, ২০২৫ ১১:২৮  
৩০ আগষ্ট, ২০২৫ ১৩:৩১  

জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের পর বিজ্ঞান উৎসবের ঢাকা পর্বের উদ্বোধন ঘোষণা করলো ‘ওয়ালি’ রোবট। ৩০ আগস্ট, শনিবার রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে অবস্থিত ছোট্ট মঞ্চে উপস্থিত ছিলো বাংলাদেশের তরুণ দল অ্যাটলাসের তৈরি রোবট। পতাকা উত্তোলনের পর স্যালুট পর্ব শেষেই উদ্বোধন ঘোষণা করে ওয়ালি।

এরপর বেলুন উড়িয়ে চমকিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়  ষষ্ঠ-দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছে ঢাকার ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ফারজানা শাকিল, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন, বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক, কার্টুনিস্ট ও রম্য পত্রিকা ‘উন্মাদ’-এর সম্পাদক আহসান হাবীব, জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।   

আয়োজক সূত্রে প্রকাশ, আঞ্চলিক উৎসবে কুইজের প্রতি ক্যাটাগরিতে ১০ জন এবং প্রজেক্টে সেরা ১০টি দলকে পুরস্কৃত করা হবে। যারা জাতীয় পর্যায়ে অংশ নেবে। আঞ্চলিক পর্যায়ে বিজয়ীদের জন্য থাকছে সার্টিফিকেট, মেডেল, বই, বিজ্ঞান বাক্সসহ আকর্ষণীয় পুরস্কার। সব শেষে জাতীয় পর্বের বিজয়ীদের জন্য থাকছে ল্যাপটপ, ট্যাবসহ নানা পুরস্কার। উৎসবজুড়ে থাকছে বিজ্ঞান ম্যাজিক, রোবট প্রদর্শনী, প্রশ্নোত্তর পর্বসহ অনেক মজার আয়োজন।