বিনা মূল্যে স্টারলিংকের নির্বিঘ্ন সংযোগ পাবেন ভেনিজুয়েলাবাসী

বিনা মূল্যে স্টারলিংকের নির্বিঘ্ন সংযোগ পাবেন ভেনিজুয়েলাবাসী
৪ জানুয়ারি, ২০২৬ ১১:৩১  

ভেনেজুয়েলার দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির মাঝে সেদেশের সাধারণ মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ ধনী ও স্পেসএক্স-এর কর্ণধার ইলন মাস্ক। আজ ৪ জানুয়ারি (রবিবার) এক ঘোষণায় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ভেনেজুয়েলার নাগরিকদের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে একটি নির্দিষ্ট সময়ের জন্য দেশটিতে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) স্টারলিংকের এই উদ্যোগের কথা পুনর্ব্যক্ত করে মাস্ক লিখেছেন, ভেনেজুয়েলার জনগণের সমর্থনে। স্টারলিংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিশেষ ফ্রি ইন্টারনেট সুবিধা বজায় থাকবে। মূলত সেদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ডিজিটাল সংযোগ বিচ্ছিন্ন হওয়া থেকে সাধারণ মানুষকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

লাতিন আমেরিকার দেশটিতে ‘বড় পরিসরে’ মার্কিন সামরিক অভিযান পরিচালনা এবং প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে আসার পর স্টারলিংক এ ঘোষণা দেয়া হলো। 

ডিইএ হেফাজতে হাস্যোজ্জ্বল মাদুরো: এক নাটকীয় দৃশ্য

এদিকে, যুক্তরাষ্ট্রের এক ঝটিকা অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রাক্তন স্বৈরশাসক নিকোলাস মাদুরোর আটকের ভিডিও প্রকাশ্যে এনেছে মার্কিন কর্তৃপক্ষ। ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরা অবস্থায় তাকে নিউ ইয়র্কে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (DEA) কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে মাদুরোর আচরণ। হাতকড়া পরা অবস্থাতেও তাকে সেখানে উপস্থিত সাংবাদিক এবং ডিইএ কর্মকর্তাদের দিকে তাকিয়ে ইংরেজিতে 'হ্যাপি নিউ ইয়ার' এবং 'গুড নাইট' বলতে শোনা যায়। ভেনেজুয়েলার এই শীর্ষ নেতার এমন নাটকীয় ‘পার্প ওয়াক’ (অপরাধীকে প্রকাশ্যে জনসমক্ষে হাঁটিয়ে নিয়ে যাওয়া) বর্তমানে বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রসঙ্গত, ৩ জানুয়ারি (শনিবার) ভোরে মার্কিন বাহিনীর এক সাহসী অভিযানে কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। বর্তমানে তিনি নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে কড়া নিরাপত্তা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদসহ একাধিক গুরুতর অপরাধে মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।

ডিবিটেক/বিএনইউ/ইকে