২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা ফ্লাইট

২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা ফ্লাইট
৭ জানুয়ারি, ২০২৬ ১০:৪৭  

দীর্ঘ ১৪ বছর পর আগামী ২৯ জানুয়ারি থেকে ফের ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই সেবা চালু হলে বাংলাদশ-পাকিস্তান-বাংলাদেশ গামী যাত্রীদের আর দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইটে যাতায়াত করতে হবে না। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্রে প্রকাশ,  প্রাথমিকভাবে ২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুইদিন এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এ সময়ের পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

এর আগে পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসেইন খান বলেছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস করাচিতে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনে দুই দেশের সম্পর্কে যে ‘নতুন হাওয়া’ লাগে, তাতে গতি পায় সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়টিও।

ঢাকা থেকে আকাশপথে করাচির দূরত্ব প্রায় ২ হাজার ৩৭০ কিলোমিটার। তবে সরাসরি ফ্লাইট না থাকায় এয়ারলাইন্সগুলোকে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ট্রানজিট নিয়ে যেতে হয় পাকিস্তানে।

ট্রানজিট ফ্লাইটের কারণে ২০১৯ সালের ৫০ থেকে ৫৫ হাজার টাকার ভাড়া বর্তমানে গড়ে লাখ টাকা ছাড়িয়েছে।

বর্তমানে এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, ফ্লাই দুবাই, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজসহ কয়েকটি এয়ারলাইনস বাংলাদেশ থেকে পাকিস্তানে ট্রানজিট ফ্লাইট পরিচালনা করে।

ট্রানজিটের সময়সহ ঢাকা থেকে পাকিস্তানের করাচি যেতে গড়ে আট থেকে ১২ ঘণ্টার মতো লাগে। কিছু এয়ারলাইনসে ১৮ থেকে ২২ ঘণ্টাও লেগে যায়।

এই রুটে ইকোনমি ক্লাসে রিটার্নসহ ভাড়া পড়ে ৮৫ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকা।

প্রসঙ্গত, পুনরায় ঢাকা–করাচি রুট চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে পাকিস্তান-বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে এবং নির্ধারিত করিডোর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতিও দিয়েছে বিমানকে।  গত ২ জানুয়ারি জিও নিউজের খবরে বলা হয়, ৫ অগাস্টের পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতির প্রেক্ষাপটে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর দেশটির সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) এ অনুমতি দেয়। প্রাথমিকভাবে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত এই অনুমোদন কার্যকর থাকবে।

ডিবিটেক/ডিপিও/ইকে