মোবাইল নেটওয়ার্কে কল্যাণে
৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
যান্ত্রিক ত্রুটিতে তিন দিন ধরে সাগরে ভাসছিলো ফিশিং বোট এফবি মায়ের দোয়ার আট জেলে। মোবাইল নেটওয়ার্কের কল্যাণে তাদেরকে দ্রুততম সময়ে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। ঘটনাটি ঘটেছে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন নম্বর-৫ বয়ার সমুদ্র এলাকায়।
সমুদ্র থেকে জীবন নিয়ে ফিরে আসা জেলেরা হলেন- আব্দুর রাজ্জাক, রাকিব, ফারুক, কামাল, আলম, জাকারিয়া, সজীব ও রাকিব। তাদের বাড়ি পিরোজপুর ও বরগুনা জেলায় বলে জানিয়েছে কোস্টগার্ড।
১৮ আগস্ট, সোমবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। পরে যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে ৩ দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে, রোববার (১৭ আগস্ট) সকল ১০ টায় উক্ত বোটের একজন জেলে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ ফোন করে বিষয়টি জানায়। ওই সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ সমুদ্রে টহলে থাকা কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করে। স্বল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন বয় নম্বর-৫ সমুদ্র এলাকা থেকে ৮ জন জেলেসহ ফিশিং বোটটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হারবাড়িয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।



