৪০ বছরের জন্য রাজশাহী হাইটেক পার্কে এক একর জমি নিয়েছে স্টারলিংক

৪০ বছরের জন্য রাজশাহী হাইটেক পার্কে এক একর জমি নিয়েছে স্টারলিংক
১৭ আগষ্ট, ২০২৫ ২০:৫২  
১৭ আগষ্ট, ২০২৫ ২১:৫৭  
রাজশাহী হাইটেক পার্কে রোবটিক্স ও ইন্টারনেট অব থিংস (আইওটি) গবেষণা কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে স্টারলিংক।  স্থানীয় অবকাঠামো সহযোগী প্রতিষ্ঠান বন্ডস্টেইন টেকনোলজিসের সহায়তায় এরইমধ্যে পার্কটিতে ৪০ বছরের জন্য এক একর জমি লিজে নিয়েছে কোম্পানিটি। 
বন্ডস্টেইন টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শাহরুখ ইসলাম জানিয়েছেন,  এপ্রিলে প্লট বরাদ্দ পাওয়ার পর জুলাই পর্যন্ত সময় লেগেছে গ্রাউন্ড স্টেশন নির্মাণে; ইতোমধ্যেই এটি সম্পন্ন হয়েছে। স্টারলিংক রাজশাহী হাইটেক পার্কে যে অপারেটিভ কার্যক্রম শুরু করতে চায়, তার পাঁচভাগের একভাগও এখনো শুরু হয়নি। এখন পর্যন্ত মাত্র ১০টি অ্যান্টেনা বসানো হয়েছে, আরও ৩০টি অ্যান্টেনা বসানো হবে। এই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে স্টারলিংক সারাদেশে তাদের নেটওয়ার্কিং সেবা প্রদান করবে।

সূত্রমতে, বার্ষিক প্রতি বর্গমিটারে ২ ডলার হারে ভাড়া ও সার্ভিস চার্জের ভিত্তিতে এই স্পেস কেনা হয়েছে। রাজশাহী হাইটেক পার্ক ছাড়াও গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক ও যশোর হাইটেক পার্কে স্টারলিংক গ্রাউন্ড স্টেশন নির্মাণ করেছে, যেগুলো থেকে কমিশনিং (অপারেশন) করা সম্ভব হবে।

এছাড়া দেশীয় কোম্পানি আগ্নি সিস্টেমস লিমিটেডও ২০২৪ সালে চালু হওয়া রাজশাহী হাইটেক পার্কে এক একর জায়গা পেয়েছে। পাশাপাশি ব্র্যাক আইটির জন্য জমি বরাদ্দ নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি ব্র্যাকের প্রধান নির্বাহী আসিফ সালেহ পার্কটি পরিদর্শন করেন এবং তাদের ৬৫০ আইটি কর্মীর জন্য দুই একর জায়গা চেয়েছেন। আইটি বিজনেস প্রসেস আউটসোর্সিং, গ্রাফিক ডিজাইন এবং প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে জায়গা নিচ্ছে প্রাণআরএফএল। 

রাজশাহী হাইটেক পার্কের তথ্য অনুযায়ী, রাজশাহী নগরীর কোর্ট এলাকার পাশে পদ্মা নদীর তীরে ৩১ একর জমির ওপর ৩৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে রাজশাহী হাইটেক পার্ক। ২০২৪ সালের ৩০ জুন 'হাই-টেক পার্ক রাজশাহী স্থাপন প্রকল্প'-এর মেয়াদ শেষ হয় এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ পার্কটির দায়িত্ব গ্রহণ করে।