এক্সএআই-এর সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিনের পদত্যাগ
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই থেকে পদত্যাগ করেছেন ইগর বাবুশকিন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি এই ঘোষণা দেন। খবর টেকক্রাঞ্চ।
২০২৩ সালে মাস্কের সঙ্গে এক্সএআই প্রতিষ্ঠা করেন বাবুশকিন, যিনি সংস্থার ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্ব দেন এবং স্বল্প সময়ে একে শীর্ষস্থানীয় এআই মডেল ডেভেলপার হিসেবে গড়ে তোলেন।
বাবুশকিন জানিয়েছেন, তিনি নিজের ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা “বাবুশকিন ভেঞ্চারস” চালু করবেন, যা এআই নিরাপত্তা গবেষণা ও মানবকল্যাণমূলক উদ্ভাবনী স্টার্টআপে বিনিয়োগ করবে। তার পদত্যাগ এমন সময়ে এল যখন এক্সএআই গ্রোক চ্যাটবটকে ঘিরে একাধিক বিতর্কের মুখে পড়েছে, যার মধ্যে পক্ষপাতমূলক উত্তর ও অনুপযুক্ত কনটেন্ট তৈরির অভিযোগ রয়েছে।
পূর্বে গুগল ডিপমাইন্ডে আলফাস্টার প্রকল্পে এবং ওপেনএআই-এ গবেষক হিসেবে কাজ করেছেন বাবুশকিন। তিনি মাস্কের কাছ থেকে ‘প্রযুক্তিগত সমস্যায় সরাসরি যুক্ত হওয়া’ এবং ‘চূড়ান্ত জরুরি মনোভাব’ — এই দুই মূল্যবান শিক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন।
ডিবিটেক/বিএমটি







