পুলিশের পরিচয়ে হোয়াটসঅ্যাপ প্রতারণায় ৩ জনকে গ্রেফতার

পুলিশের পরিচয়ে  হোয়াটসঅ্যাপ প্রতারণায় ৩ জনকে গ্রেফতার
২৮ আগষ্ট, ২০২৫ ১৭:৫৮  
২৮ আগষ্ট, ২০২৫ ২১:০৪  

পুলিশের পরিচয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি–দক্ষিণ)। রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর এলাকায় বিশেষ অভিযানে আটক ব্যক্তিরা হলেন মো. ইমন আলী (২৩), মো. নাহিদুল ইসলাম (২৭) ও মো. তানজির ওরফে তানজু (২৮)।

 ২৮ আগষ্ট, বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ডাবলু এবং ডিবি (দক্ষিণ) ঢাকা জেলার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা (নং–৪৩, তারিখ ২৮/০৮/২০২৫) দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধি ১৭০/৩৮৫ ধারা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২২/২৭ ধারা যুক্ত করা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ জানায়, গত ৫ আগস্ট পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) কেরানীগঞ্জ মডেল থানার বন্দডাকপাড়া এলাকায় সরকারি কাজে গেলে জানতে পারেন, তারা পুলিশ পোশাক পরিহিত ছবি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবি করছে। এ ঘটনায় তিনি নির্দেশ দিলে ডিবি–দক্ষিণের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে।
 
পরবর্তীতে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ২৭ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিটে আশরাফপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন এবং ৫টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিজিটিং কার্ডে লেখা ছিল— ‘আনিস, পুলিশ সুপার, ঢাকা জেলা’।