উৎসব-আনন্দে নবম গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি দিবস উদযাপন

উৎসব-আনন্দে নবম গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি দিবস  উদযাপন
২৬ জুলাই, ২০২৫ ১৯:৪৮  
২৬ জুলাই, ২০২৫ ২০:৪৯  
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৬ জুলাই, শনিবার উদযাপিত হলো নবম গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি দিবস-২০২৫। 
দিবস পালন উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা এবং বেলুন উড়ানোর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত জুলাই স্মৃতি আন্তঃবিভাগ ক্রিকেট টূর্নামেন্টসসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন অনুষদের ২৮ জন শিক্ষার্থীকে ডিনস সম্মাননা বৃত্তি ও ৬ জন শিক্ষককে রিসার্চ পাবলিকেশন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়, যা একাডেমিক ভবন থেকে শুরু হয়ে কালিয়াকৈর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একাডেমিক ভবনে এসে শেষ হয়।
সকাল সাড়ে ১০ টায় একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয়। পরবর্তীতে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান হিমেল, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা মীম, সহকারী রেজিস্ট্রার এম. মোস্তাফিজুর রহমান, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক রাকিব হোসেন ও ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুমন সাহা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, “হাতে-কলমে শিক্ষার ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। বর্তমান প্রযুক্তির এই যুগে শুধু জিপিএ দিয়ে চাকরি পাওয়া সম্ভব হবে না। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে একজন শিক্ষার্থী বাস্তবে কী কী দক্ষতা অর্জন করেছেন সেটিই হবে নিয়োগের গুরুত্বপূর্ণ মানদণ্ড।”

তিনি আরও বলেন, “আমি স্বপ্ন দেখি গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি একদিন গবেষণায় বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সেই লক্ষ্যেই আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে।”
বিশ্ববিদ্যালয় দিবসের মতো এমন একটি সফল অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

নবম গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও গবেষণা ও সম্প্রসারণ এর ভারপ্রাপ্ত পরিচালক মো. আশরাফুজ্জামান শিক্ষকদের গবেষণার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এছাড়া আয়োজন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, “গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি দিন দিন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের যুগোপযোগী, বাস্তবভিত্তিক ও উদ্ভাবনী শিক্ষায় শিক্ষিত করে তোলা। এই বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যবই নয়, বাস্তব জীবনের জন্যও শিক্ষার্থীদের প্রস্তুত করে তুলছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই সাফল্য সম্ভব হয়েছে। সামনে আরও বড় পরিসরে আমরা এগিয়ে যেতে চাই।”

দুপুরে মধ্যাহ্নভোজের পর বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্দ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ও ব্যান্ডদল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।