গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতলো ওপেনএআইয়ের মডেল!
ওপেনএআই তাদের পরীক্ষামূলক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের মাধ্যমে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) স্বর্ণপদক-মানের পারফরম্যান্স প্রদর্শন করেছে। ওপেনএআই-এর গবেষক আলেকজান্ডার ওয়েই জানিয়েছেন, মডেলটি ছয়টির মধ্যে পাঁচটি জটিল গাণিতিক সমস্যা সমাধান করতে পেরেছে, মোট ৪২ এর মধ্যে ৩৫ পয়েন্ট অর্জন করেছে। খবর এনগ্যাজেট।
আইএমও বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গণিত প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা সৃজনশীলতা ও যুক্তিনির্ভর সমাধানের দক্ষতা দিয়ে কঠিন সমস্যা সমাধান করে। এবছর মাত্র ১০ শতাংশ অংশগ্রহণকারীই স্বর্ণপদক অর্জন করেছেন।
ওয়েই জানান, এই মডেলটি মানব গণিতবিদদের মতো নিখুঁত ও যুক্তিসম্মত ব্যাখ্যা উপস্থাপন করতে সক্ষম।
তবে ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান স্পষ্ট করেছেন, এই পর্যায়ের সক্ষমতাসহ মডেল এখনই প্রকাশ করা হবে না। আগামী কয়েক মাসের মধ্যেও এটি সাধারণের জন্য উন্মুক্ত হওয়ার সম্ভাবনা নেই।
ডিবিটেক/বিএমটি







