নীতিমালায় পরিবর্তন আনছে টিকটক

নীতিমালায় পরিবর্তন আনছে টিকটক
১৮ আগষ্ট, ২০২৫ ১৮:০৫  
১৯ আগষ্ট, ২০২৫ ০১:২১  

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক আগামী ১৩ সেপ্টেম্বর থেকে তাদের কমিউনিটি গাইডলাইনে বড় পরিবর্তন আনছে। প্রতিষ্ঠানটির গ্লোবাল হেড অব ট্রাস্ট অ্যান্ড সেফটি সন্দীপ গ্রোভার এক ব্লগ বার্তায় জানান, ভ্রান্ত তথ্য রোধ ও অনলাইন হয়রানি মোকাবিলায় নতুন নিয়ম কার্যকর করা হবে। এর লক্ষ্য হলো নীতিমালাকে আরও সহজ, স্পষ্ট ও ব্যবহারবান্ধব করা।

নতুন নীতিমালা অনুযায়ী, বড় ধরনের সংকট বা নাগরিক ঘটনার ভিডিও যাচাই ছাড়া ‘ফর ইউ ফিড’-এ দেখানো হবে না। একই সঙ্গে অ্যাকাউন্টস অ্যান্ড ফিচারস বিভাগে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। লাইভ সম্প্রচারে যা কিছু ঘটবে, তার দায়ভার সম্পূর্ণ নির্মাতার ওপর বর্তাবে। এমনকি ভয়েস-টু-টেক্সটের মতো তৃতীয় পক্ষের টুল ব্যবহার করে ক্ষতিকর মন্তব্য প্রচার হলেও নির্মাতা দায়ী থাকবেন।

এবারের গাইডলাইনে নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য, সংবেদনশীল কনটেন্ট, সততা, বাণিজ্যিক কার্যক্রম ও গোপনীয়তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দুশ্চিন্তাজনক বা ভয় ধরানো ভিডিও ব্যবহারকারীদের কাছে রিকমেন্ড করা হবে না। পাশাপাশি, আলোচনায় অশ্লীল বা আক্রমণাত্মক মন্তব্য থাকলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সার্চের নিচে সরিয়ে দেওয়া হবে। টিকটক জানিয়েছে, নির্মাতা ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই এই পরিবর্তন আনা হয়েছে।

ডিবিটেক/বিএমটি