ইন্টারঅ্যাক্টিভ  ফ্ল্যাট প্যানেল নিয়ে প্রথম সিটি আইটি মেলা শুরু

ইন্টারঅ্যাক্টিভ  ফ্ল্যাট প্যানেল নিয়ে প্রথম সিটি আইটি মেলা শুরু
১৪ জুলাই, ২০২৫ ২০:৩৮  
১৪ জুলাই, ২০২৫ ২২:৩৯  

প্রথমবারের মতো বিশেষায়িত আইটি পণ্য নিয়ে মেলা করছে বিসিএস কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটি। রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে দেশের সবচেয়ে বড় আইটি মার্কেটে শুরু হয়েছে সাতদিন ব্যাপী ‘দ্য সিটি আইটি ইন্টারঅ্যাক্টিভ  ফ্ল্যাট প্যানেল ফেয়ার‘। মেলায় বাংলাদেশে পরিবেশিত আন্তর্জাতিক ছয়টি ব্র্যান্ডের ইন্টারঅ্যাক্টিভ ফ্লাট প্যানেলের ব্যবহার, ব্যবহৃত প্রযুক্তির পাশাপাশি টাচ অ্যান্ড ফিলের সুযোগ দেয়া হচ্ছে দর্শনার্থীদের। পাশাপাশি ফ্লাট প্যানেলের ইন্টারঅ্যাক্টিভ ব্যবহারের কৌশল ও সল্যুশন বিষয়ে চলছে বিক্রয় প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা।

দর্শনার্থীদের পাশাপাশি ক্রেতাদের জন্য বিশেষ ছাড় ও বিভিন্ন উপহার দিচ্ছে ভিউসনিক, অপটোমা,নিউলাইন, এলজি, সিনেক্সা এবং বক্সলাইট। এগুলোর মধ্যে বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটনের ‘সিনেক্সা’ ইন্টার‌অ্যাক্টিভ ফ্লাট প্যানেলের বিভিন্ন মডেলে ৫৭ হাজার টাকা পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে মেলায়। এছাড়াও যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড- বক্সলাইট ডিজিটাল বোর্ড কিনলেই আকাশ ডিটিএইচ বক্স উপহার দিচ্ছে এর বাংলাদেশী পরিবেশক স্মার্ট টেকনোলজিস। মেলায় নিউলাইন ও অপটোমা ব্র্যান্ড এর বিভিন্ন মডেলের ইন্টারঅ্যাক্টিভ প্যানেল নিয়ে অংশ নিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত আইটি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।  অপটোমা এবং নিউলাইন ফ্লাটপ্যানেলে বিষয়ে দর্শনার্থীদের অবহিত করছে এক্সেল টেকনোলজিস। আর ভিউসনিক ফ্লাট প্যানেল এনেছে ওরিয়ন কম্পিউটারস। 

১৪ জুলাই, সোমবার ফিতাকেটে আনাড়ম্বর আয়োজনে বিশেষায়িত পণ্যেই এই মেলা উদ্বোধন করেন বিসিএস কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ফজলুল বারী লিটন (ভাইস প্রেসিডেন্ট)। এসময় কমিটির মহাসচিব জাহেদ আলী ভূঁইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান রাজু, সদস্য মনির হোসেন কাকন ও রফিকুল ইসলাম এবং স্মাার্ট টেকনোলজিস লিমিটেডের চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন উপস্থিত ছিলেন। 

মেলা নিয়ে মশিউর রহমান রাজু জানান, প্রতিমাসেই আইডিবি-তে কোনো না কোনা মেলা হচ্ছে। গত মাসে মাল্টি প্রোডাক্ট নিয়ে হলেও এই মাস থেকে আমরা একক পণ্যের একাধিক ব্র্যান্ডের মেলা করছি। সবার অন্তরালেই বিশ্বজুড়ে প্রোজেক্টেরের জায়াগয় ইন্টারঅ্যাক্টিভ ফ্লাট প্যানেল প্রতিস্থাপিত হচ্ছে। শিক্ষা, কর্পোরেট সহ নানা ক্ষেত্রে এর ব্যবহার দিন দিন বাড়ছে। তাই এ বিষয়ে সম্যক ধারণা দেওয়া, নতুন প্রযুক্তির সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয়া এবং টাচ অ্যান্ড ফিলের সুযোগ দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৫৫ ইঞ্চি থেকে ১২০ ইঞ্চি আকারের ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে রয়েছে। এগুলোর দাম  দেড় লাখ থেকে সাড়ে আট লাখ টাকার মতো।  

মেলা উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটির সামনে ব্যানার দিয়ে চারটি পিলারের মতো স্থাপন করা হয়েছে প্রবেশ স্তম্ভ।