ইঞ্জিনিয়ার্স ডে’তে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা

ইঞ্জিনিয়ার্স ডে’তে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা
২৩ মে, ২০২৬ ২১:৩১  

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা দিয়েছে। একই অনুষ্ঠানে গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার–২০২৬প্রাপ্ত প্রকৌশলী ড. মোহাম্মদ আব্দুল বাকীকেও সম্মাননা জানানো হয়।

২২ মে, শনিবার রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরের মিলনায়তনে প্রতিষ্ঠানের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ইঞ্জিনিয়ার্স ডে’র সমাপনী অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া প্রকৌশলী-সাংসদদের মধ্যে ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া ও প্রকৌশলী মারদিয়া মমতাজ। অনুষ্ঠানে তাদের সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইইবি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। এটি শুধু প্রকৌশলীদের পেশাগত উন্নয়নেই নয়, দেশের সামগ্রিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

তিনি বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে সততা, জবাবদিহি ও দূরদর্শী পরিকল্পনাও জড়িত। গণতান্ত্রিক অগ্রযাত্রা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রকৌশলীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

স্বাগত বক্তব্যে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন সেমিনার ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব আয়োজন থেকে পাওয়া সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে, যাতে তা নীতিনির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। তিনি বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দল-মতনির্বিশেষে প্রকৌশলীদের একত্র করার মাধ্যমে আইইবি দেশের প্রযুক্তিগত অগ্রগতি ও উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে।

ডিবিটেক/এসএ/ইাকে