এবার ‘বাজারদর’ অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করলো ভোক্তা অধিদপ্তর
পণ্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে তেল নিয়ে তেলেসমাতি; ডিম নিয়ে অশ্ব ডিম্ব ঘটনা; পেঁয়াজে ঝাঁজে মরিচের কান্না- মুছতে ‘বাজারদর’ নামে একটি অ্যাপ বানিয়েছিলো ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (DIIT)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ ইব্রাহিম মোল্লাহ। অ্যাপটি বানিয়ে জীবনের হুমকিও পেয়েছেন তিনি।
তবে সেসব উপক্ষো করে ২৩ জুন অ্যাপটি আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এখন থেকে এ অ্যাপে প্রতিদিনের খুচরা বাজার দরের তথ্য সরবরাহ করবে অধিদফতর। ফলে বাজারদর অ্যাপের মাধ্যমে এখন থেকে মোবাইল ফোনেই জানা যাবে দেশের ৬৪ জেলায় পণ্যের সর্বোচ্চ খুচরা দাম।
রাজধানীর কাওরানবাজারের ভোক্তা অধিদফতরের কার্যালয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি উদ্বোধন করেন সংস্থার মহাপরিচালক আলীম আক্তার খান। এসময় তিনি বলেন, পণ্যের প্রকৃত সর্বোচ্চ দাম ভোক্তার জানা থাকলে ধীরে ধীরে এ সংক্রান্ত প্রতারণা কমে আসবে।
অধিদফতরের চাহিদার ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটি উন্নয়ন করে দেয়ার পর উদ্বোধনীতে অ্যাপ নির্মাতা ইব্রাহিম মোল্লা বলেন, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই ডাউনলোড করা যাবে এ ‘বাজারদর’ অ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অফলাইনেও ব্যবহারের সুযোগ রাখা হয়েছে ‘বাজারদর’ অ্যাপে। ফলে পণ্য বাজারে দাম নিয়ে কারসাজি বন্ধে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবে বাজারদর অ্যাপ। এতে করে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের ন্যায্য দাম ভোক্তার জন্য নিশ্চিত করা সহজ হবে।







