এনভিডিয়া-ফক্সকন কারখানায় কাজ করবে হিউম্যানয়েড রোবট
এনভিডিয়া ও তাইওয়ানের ফক্সকন হিউস্টনে একটি নতুন এআই সার্ভার তৈরির কারখানায় হিউম্যানয়েড রোবট মোতায়েনের বিষয়ে আলোচনা করছে বলে জানিয়েছে সূত্র। এটি হবে এনভিডিয়ার প্রথম পণ্য যা হিউম্যানয়েড রোবটের সহায়তায় তৈরি হবে এবং ফক্সকনের প্রথম এআই সার্ভার কারখানা যেখানে উৎপাদন লাইনে এ ধরনের রোবট ব্যবহৃত হবে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই এই রোবটগুলো মোতায়েন করার লক্ষ্য রয়েছে। ফক্সকনের এক উপস্থাপনায় দেখা গেছে, রোবটগুলোকে বস্তু তোলা, তার সংযুক্তি ও অ্যাসেম্বলির মতো কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ফক্সকন নিজেদের তৈরি দুটি রোবট—একটি পায়ে হাঁটা এবং অন্যটি চাকার ওপর চলা—এ বছরের নভেম্বরে প্রদর্শনের ঘোষণা দিয়েছে।
এনভিডিয়ার টেক্সাসভিত্তিক এআই সুপারকম্পিউটার নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে হিউস্টন ও ডালাসে দুটি কারখানা স্থাপন করছে ফক্সকন ও উইস্ট্রন। বিশেষজ্ঞরা বলছেন, এটি রোবটিক্স-ভিত্তিক উৎপাদনে এক যুগান্তকারী ধাপ হতে পারে।
ডিবিটেক/বিএমটি







