এনএফটি লভ্যাংশ প্রতারণার দায়ে ২ ভাই আটক
নেত্রকোনার বিভিন্ন গ্রামে অনলাইনে ডলার বিনিয়োগের প্রলোভন দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ভাইকে আটক করেছে যৌথবাহিনী। আটক ব্যক্তিরা হলেন উপজেলার চান্দুপুর গ্রামের আব্দুল জাহেদ মিয়ার দুই ছেলে আরিফুল হক (৪৩) ও শরিফুল হক (৩২)।
১৭ জুন (মঙ্গলবার) কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ‘ট্রেজার এনএফটি (NFT)’ নামে একটি অনলাইনভিত্তিক স্কিম চালু করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছে। তাদের প্রতারণার জাল কতদূর বিস্তৃত, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযানে তাদের মোবাইলসহ প্রতারণার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়। তবে প্রধান অভিযুক্ত মঞ্জুরুল হকের ছেলে মাসুদুল হাসান সৈকত (৩০) এখনো পলাতক। এ ঘটনায় কেন্দুয়া থানায় ভবানীপুর গ্রামের মো. নাহিদুল ইসলাম নামে এক যুবক একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, ট্রেজার NFT প্ল্যাটফর্মে প্রতিদিন ১ দশমিক ৮ শতাংশ হারে লভ্যাংশ ও রেফারেন্স ইনকামের প্রলোভন দেখিয়ে তাকে মোট ৮৪ হাজার ৫০০ টাকা বিনিয়োগে বাধ্য করা হয়। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী কোনো লাভ বা মূলধন ফেরত না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তিনি।
এছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা Binance, Bybit, Bitget, Trust Wallet, MetaMask-এর মতো আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কেন্দুয়ার আশুজিয়া ও দলপা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় তিন হাজার মানুষের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন।







