হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আসছে বিজ্ঞাপন
জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রথমবারের মতো বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে। মেটার মালিকানাধীন অ্যাপটি জানিয়েছে, ব্যবহারকারীরা শুধুমাত্র স্ট্যাটাস স্ক্রিনে বিজ্ঞাপন দেখতে পাবেন, যা ইনস্টাগ্রামের স্টোরিজ ফিচারের অনুরূপ। খবর টেকক্রাঞ্চ।
ইনস্টাগ্রামের মতোই, কয়েকটি স্ট্যাটাস দেখার পর ব্যবহারকারীদের মাঝে মাঝে বিজ্ঞাপন দেখানো হবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে ব্যবহারকারীর দেশ, ভাষা, অনুসরণ করা চ্যানেল এবং পূর্ববর্তী বিজ্ঞাপনগুলোর সঙ্গে সম্পৃক্ততা—এসব বিবেচনা করা হবে।
মেটা স্পষ্ট করেছে, ব্যক্তিগত বার্তা, কল, গ্রুপ বা ফোন নম্বরের মতো স্পর্শকাতর তথ্য বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হবে না। যেসব ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মেটার অ্যাকাউন্ট সেন্টারের সঙ্গে যুক্ত করেছেন, তাদের জন্য সেই পছন্দের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানো হতে পারে।
হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, এখন থেকে ব্যবহারকারী ও প্রতিষ্ঠানগুলো তাদের চ্যানেল ফিচারকে স্ট্যাটাস ডিসকভারি অংশে প্রমোট করতে পারবে। পাশাপাশি নির্বাচিত নির্মাতা ও ব্যবসায়ীরা সাবস্ক্রিপশন মডেলের মাধ্যমে চ্যানেলে এক্সক্লুসিভ আপডেট চালু করতে পারবেন, যার পেমেন্ট হবে অ্যাপ স্টোরের মাধ্যমে।
বর্তমানে প্রতিদিন ১.৫ বিলিয়নের বেশি মানুষ স্ট্যাটাস ও চ্যানেল ব্যবহার করেন। এই বিজ্ঞাপন ফিচার আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্বব্যাপী চালু হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
ডিবিটেক/বিএমটি







