চীনা প্রযুক্তি থেকে ভিয়েতনামকে বিচ্ছিন্ন করতে মার্কিন চাপ
ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রযুক্তিপণ্যে চীনা উপাদানের ব্যবহার কমাতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্র জানায়, সম্প্রতি শেষ হওয়া তৃতীয় দফা শুল্ক আলোচনা চলাকালে এ চাহিদা জোরালোভাবে উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।
অ্যাপল, স্যামসাং, মেটা ও গুগলের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ভিয়েতনামে বড় আকারে উৎপাদন করলেও, তাদের অনেক উপাদান এখনো চীননির্ভর। এ নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্র চায় চীনা প্রযুক্তি থেকে নিজস্ব সরবরাহ চেইন পৃথক করতে এবং ভিয়েতনামের শিল্প সক্ষমতা বৃদ্ধি করতে।
ভিয়েতনাম কিছুটা সহযোগিতার ইচ্ছা দেখালেও দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন, নিজস্ব প্রযুক্তি ও সময় ছাড়া এ রূপান্তর সম্ভব নয়। চীনের প্রযুক্তিপণ্য—যেমন ইলেকট্রনিক যন্ত্রাংশ, কম্পিউটার ও মোবাইল—গত বছর ভিয়েতনামে রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৪৪ বিলিয়ন ডলার, যা দেশটির মোট আমদানির ৩০%।
তবে, "মেইড ইন ভিয়েতনাম" লেবেলে চীনা পণ্য রপ্তানির অপব্যবহার নিয়েও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। আলোচনায় কিছু অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতভেদ রয়েছে। এই প্রেক্ষাপটে ভিয়েতনামের পার্টি প্রধান তো লাম জুনের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
ডিবিটেক/বিএমটি







