দেশে ফিরতে বিনা শুল্কে আনা যাবে একটি নতুন ফোন

দেশে ফিরতে বিনা শুল্কে আনা যাবে একটি নতুন ফোন
১০ জুন, ২০২৫ ১৩:০৮  
১০ জুন, ২০২৫ ১৬:০৯  

আগামী ৩ জুলাই থেকে বিদেশ থেকে দেশে ফেরার সময় বছরে একবারের জন্য নতুন মোবাইল বহনে গুণতে হবে না শুল্ক ও কর। এখন ব্যবহৃত হিসেবে দুটি মোবাইল সেট তো আনতে পারবেনই, সঙ্গে নতুন একটি সেটও বছরে একবার শুল্ক-কর ছাড়াই আনতে পারবেন। 

যদিও বর্তমানে একজন প্রবাসী দেশে ফেরার সময় নিজের দুইটি ব্যবহৃত মোবাইলের সঙ্গে একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন, সেক্ষেত্রে শুল্ক-কর পরিশোধ করতে হয়। নতুন বাজেটে এই নীতি বদলেছে অন্তর্বর্তী সরকার। 

আসছে অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালায় এই পরিবর্তন এনে ৩ জুন প্রজ্ঞাপন আকারে নতুন বিধিমালা জারি করা হয়েছে। প্রজ্ঞাপন জারির ৩০ দিন পর এটি কার্যকর হবে বলা হয়েছে।

প্রসঙ্গত, বর্মতানে ৩০ হাজার টাকা পর্যন্ত দামের নতুন একটি মোবাইল সেটের আনলে শুল্ক-কর দিতে হয় ৫ হাজার টাকা। ৩০ হাজারের বেশি কিন্তু ৬০ হাজার টাকা পর্যন্ত হলে দিতে হয় ১০ হাজার টাকা। দাম ৬০ হাজার টাকার বেশি হলে শুল্ক-কর ২৫ হাজার টাকা। এছাড়া ঘোষণা দেওয়া ছাড়া আনা মোবাইল ফোন ধরা পড়লে তা বাজেয়াপ্ত করতে পারে কাস্টমস কর্তৃপক্ষ।

এদিকে ব্যাগেজ বিধির আওতায় সুবিধা কমিয়ে বর্তমানে স্থলবন্দর দিয়ে বছরে তিনবার সর্বোচ্চ ৪০০ ডলার পর্যন্ত শুল্কমুক্ত পণ্য আনার যে সুযোগ ছিল, তা কমিয়ে একবার করা হয়েছে।  বাতিল করা হয়েছে ক্যাসেট প্লেয়ার, ডিস্কম্যান, টাইপরাইটার, ওয়াকম্যান, ফ্যাক্স মেশিন, ১৯ ইঞ্চি এলসিডি মনিটর, পুশবাটন ফোন আমদানির সুযোগ। 

তবে ডেস্কটপ/ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার, ভিডিও ও ডিজিটাল ক্যামেরা, টোস্টার, ব্লেন্ডার, জুসার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, বৈদ্যুতিক সেলাই মেশিন, টেবিল বা সিলিং ফ্যান, ২৯ ইঞ্চি টিভি, এক কার্টন সিগারেট, ১৫ বর্গমিটার কার্পেট ও বেবি ক্যারেজ, স্ট্রোলার, ক্যালকুলেটর, সাধারণ সিডি, ৪ স্পিকারের কম্পোনেন্ট আনা যাবে শুল্ক-কর ছাড়াই।  

শুল্ক-কর দিয়ে আমদানি করতে পারবে-১০ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত দামের টিভি (৩০-৬৬ ইঞ্চির বেশি), ৮ হাজার টাকা দামের হোম থিয়েটার (৪ স্পিকারের বেশি), ৫ থেকে ২৫ হাজার টাকা দামের মোবাইল সেট, ৪ থেকে ১৫ হাজার টাকা দামের ফ্রিজ/ডিপ ফ্রিজ, ৭ থেকে ২০ হাজার টাকার এসি (উইন্ডো/স্প্লিট), ১৫ হাজার টাকার ক্যামেরা (প্রফেশনাল), ৫ হাজার টাকার এয়ারগান/রাইফেল এবং ধরনভেদে ২ থেকে ৬ হাজার টাকা দামের ওয়াশিং মেশিন, ওভেন, ঝাড়বাতি ইত্যাদি।