বিঘ্নিত টেলিযোগাযোগসেবা

৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার ডাউন

৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার  ডাউন
৩০ মে, ২০২৫ ১১:৩৯  
৩০ মে, ২০২৫ ১৫:৪৪  

চলমান বৈরী আবহাওয়ায় সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে দেশ জুড়ে বিস্তৃত মোবাইল অপারেটরদের ৫ হাজারের বেশি বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস)। নিম্নচাপ জনিত ঝড় এবং জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দিতে হিমসিম খাচ্ছে সেবাদাতারা। ফলে দেশজুড়েই টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। 

শুক্রবার (৩০ মে) সকালে নিজের ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের দায়িত্বশীল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তাইয়েব জানিয়েছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৫,০০০ এরও বেশি সাইট অফলাইনে চলে গেছে। প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে বর্তমানে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

তিনি লিখেছেন, নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারা দেশে টেলিযোগাযোগসেবা বিঘ্নিত হচ্ছে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে নিরলসভাবে কাজ করছেন পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগসেবার কর্মীরা।

তার দেয়া তথ্য অনুযায়ী, দেশের মোট মোবাইল টাওয়ারের ৪৪ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৮২৬২টি টাওয়ার। এর মধ্যে ৫৯০৪টি (৩৫.৮ শতাংশ) সাইট ডাউন হয়েছে। পোর্টেবল জেনারেটরের মাধ্যমে ৬২৪টি টাওয়ারে বিদ্যুতের সাপোর্ট দেয়া হয়েছে। ৫০৪টি পোর্টেবল জেনারেটর সংযুক্ত করার প্রক্রিয়া রয়েছে। সকাল ৯টা পর্যন্ত সচল ছিলো ৬৪.২ শতাংশ টাওয়ার।  

প্রসঙ্গত, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকায় গতকাল থেকে প্রবল বর্ষণ চলছে। গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার এটি লঘুচাপে পরিণত হচ্ছে। অর্থাৎ আজকের মধ্যেই এর শক্তি অনেকটাই কমে আসবে। তবে এর প্রভাবে আজ দিনভর বৃষ্টি হবে। শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে আজ দেশের অন্তত পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।