মেট্রোরেল সংলগ্ন নতুন সেন্টারে এক ছাদের নিচে টেলিকম ও ডিজিটাল সেবা
মিরপুরে ডিজিটাল-ফার্স্ট গ্রামীণফোন সেন্টার উদ্বোধন
- মিরপুর-১১ মেট্রো স্টেশনের পাশে নতুন জিপিসি
- ডিজিটাল-ফার্স্ট সেবা ও উন্নত গ্রাহক অভিজ্ঞতায় গুরুত্ব
- পরিবেশবান্ধব নকশায় স্থানীয় ঐতিহ্যের সমন্বয়
ডিজিটাল-ফার্স্ট গ্রাহকসেবা সম্প্রসারণে রাজধানীর মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) চালু করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের পাশে স্থাপিত নতুন এ সেন্টার থেকে বৃহত্তর মিরপুর এলাকার গ্রাহকরা এক ছাদের নিচে টেলিযোগাযোগ ও ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন।
২৩ জুলাই, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, মিরপুরের ঐতিহ্যবাহী বেনারসি পল্লী থেকে অনুপ্রাণিত হয়ে সেন্টারটির নকশা করা হয়েছে। আধুনিক ডিজাইনের সঙ্গে স্থানীয় সাংস্কৃতিক পরিচয়ের সমন্বয় ঘটিয়ে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের মাধ্যমে এটি নির্মাণ করা হয়েছে।
মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের পাশে অবস্থিত এ সেন্টার থেকে পল্লবী, মিরপুর-১০, রূপনগর, মিরপুর ডিওএইচএস এবং আশপাশের এলাকার গ্রাহকরা সহজে সেবা নিতে পারবেন।
গ্রামীণফোনের ভাষ্য অনুযায়ী, নতুন সেন্টারে গ্রাহকরা মোবাইল সংযোগ, সিম-সংক্রান্ত সেবা, ডিজিটাল সল্যুশন, স্মার্ট ডিভাইস এবং অন্যান্য টেলিযোগাযোগসংশ্লিষ্ট সেবা এক জায়গায় পাবেন। ডিজিটাল-ফার্স্ট গ্রাহকসেবা এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
নতুন গ্রামীণফোন সেন্টারটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির হেড অব ব্র্যান্ড মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লা আল মাহমুদ, সার্কেল বিজনেস হেড (ঢাকা) আশফাকুজ্জামান চৌধুরী এবং গ্রামীণফোন সেন্টারের পার্টনার ইফতেখার মাহমুদ।
অনুষ্ঠানে গ্রামীণফোনের অন্যান্য কর্মকর্তা, সেন্টার এজেন্ট, গ্রাহক এবং বৃহত্তর মিরপুর এলাকার স্থানীয় কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এমআর/এসএমই//





