পরবর্তী প্রেসডেন্ট হচ্ছেন জহির, মহাসচিব মনিরুল

বিসিএস : নির্বাচনে ভোট হচ্ছে না

বিসিএস : নির্বাচনে ভোট হচ্ছে না
২৯ মে, ২০২৫ ০২:০১  
২৯ মে, ২০২৫ ০২:০৯  

নির্বাচন হচ্ছে ঠিকই। তবে ভোট হচ্ছে না দেশের প্রথম প্রযুক্তি ব্যবসায়ীদের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস)  ২০২৫-২৭ মেয়াদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের (ইসি) সদস্য নির্বাচনের। কেননা সাত সদস্যের এই নির্বাচনে প্রার্থীও ৭ জনই। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় কমিটির পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন সব প্রার্থী। তবে আগামী ৩১ তারিখ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করার সুযোগ থাকায় এখনই তাদের বিজয়ী ঘোষণা করতে পারছে না নির্বাচন বোর্ড।

ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার ঘোষণা পেতে ১ জুন  পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রার্থীদের। এরপর ২২ জুন পদ বন্টনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ ও দাখিল শেষে নিজেদের মধ্যে ভোট করে ২৩ জুনই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে বিসিএস  ২০২৫-২৭ মেয়াদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নতুন নেতাদের নাম। 

নির্বাচন বোর্ড সূত্রে প্রকাশ, বুধবার বিকেলে বৈধ প্রার্থীর তালিকা থেকে বাদ পড়েছেন আট প্রার্থীর একজন। তিনি হলেন নিউ ইউনিভার্সেল কম্পিউটার্স এর সত্ত্বাধিকারী মোঃ আনিসুর রহমান। 

ফলে সাত সদস্যের বিসিএস কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে এখন বিনা প্রতিদ্বন্দ্বীতায় ভোটের বৈতরণী পার হচ্ছেন স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ এর মুহাম্মদ মনিরুল ইসলাম, ওয়েলকিন কম্পিউটারের স্বত্ত্বাধিকারি মোঃ নজরুল ইসলাম হাজারী, ল্যান্ড মার্ক কম্পিউটার্স এর সত্ত্বাধিকারী মোঃ ওয়াহেদুল ইসলাম দীপু, জাজি সত্ত্বাধিকারী মোঃ ইকবাল হোসাইন, এইচ এম কম্পিউটার্স সত্ত্বাধিকারী  আবুল হাসান এবং পিজি গার্ডেন সত্ত্বাধিকারী মোঃ আহসানুল ইসলাম। 

পূর্বের নির্বাচন এবং গঠিত কমিটির হিসাব বলছে, এদের মধ্যে পরবর্তী বিসিএস প্রেসিডেন্ট হতে চলেছেন স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম এবং মহাসচিব হতে পরেন কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ এর মোহাম্মাদ মনিরুল ইসলাম। আর বাকি পদগুলো এখনই অনুমান করা যাচ্ছে না।

বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব (এফটিএ-১ শাখা, এফটিএ অনুবিভাগ) শরীফ রায়হান কবির বিসিএস নির্বাচন বোর্ড চেয়ারম্যান। বোর্ডের অপর দুই সদস্য হলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (অবা-১ শাখা, আইআইটি অনুবিভাগ) সন্দীপ কুমার সরকার এবং সহকারি বাণিজ্য পরামর্শক (উপনিয়ন্ত্রক, এফট্এ অনুবিভাগ)  মো. সিরাজুল ইসলাম। 

১ প্রার্থীর জন্য কি ব্যালটে গড়াবে ভোট?