শুল্ক কাঠামো পুনর্নির্ধারণের জোর দাবি বাংলাদেশ কম্পিউটার সমিতির

শুল্ক কাঠামো পুনর্নির্ধারণের জোর দাবি বাংলাদেশ কম্পিউটার সমিতির
২৬ এপ্রিল, ২০২৬ ০০:০৫  

ল্যাপটপ, কম্পিউটার যন্ত্রাংশ ও ইন্টারনেট সেবাকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে শুল্ক কাঠামো পুনর্নির্ধারণের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। 

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন উপলক্ষে ২৫ এপ্রিল,শনিবার অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এই দাবি তুলে ধরেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় সংগঠনের মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম এবং যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ উপস্থিত ছিলেন।

সভায় বাজেটে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে বিসিএস বলেছে, ডলারের মূল্যবৃদ্ধি ও উচ্চ শুল্কের কারণে কম্পিউটারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে ২৫ থেকে ৩০ হাজার টাকায় একটি মানসম্মত কম্পিউটার পাওয়া গেলেও বর্তমানে তা ৬৫ হাজার টাকার নিচে পাওয়া কঠিন। এতে দেশের প্রায় ২৭ লাখ সম্ভাবনাময় তরুণের ফ্রিল্যান্সিং খাতে যুক্ত হওয়ার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে।

এছাড়াও সংগঠনটি ল্যাপটপের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করে শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়ে বলে, বর্তমানে ল্যাপটপ আমদানিতে প্রায় সাড়ে ২০ শতাংশ কর দিতে হচ্ছে, যা এটিকে সাধারণ মানুষের নাগালের বাইরে ঠেলে দিচ্ছে।

একইসঙ্গে হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং পণ্যের মোট করহার ১০ শতাংশে নির্ধারণের প্রস্তাব দিয়ে বিসিএস জানায়, মনিটর, এসএসডি ও মেমোরি কার্ডের মতো পণ্যে উচ্চ কর আরোপের কারণে বাজারে নিম্নমানের ও নকল পণ্যের বিস্তার ঘটছে। বিশেষ করে সংবেদনশীল স্টোরেজ ডিভাইসে উচ্চ শুল্ক ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে এবং সামগ্রিক সাইবার নিরাপত্তাকেও প্রভাবিত করছে।

ডিবিটেক/এসআই/এমইউআইএম