প্রতিদিন রেলের সর্ভারে প্রায় অর্ধ কোটি হিট
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। টিকিট কিনতে প্রতিদিনই প্রায় অর্ধ কোটি বারের মতো হিট পড়ছে রেলেও সার্ভারে। তবে এখন পর্যন্ত সার্ভার বিকল হওয়ার খবর পাওয়া যায়নি।
সূত্রমতে, শুক্রবার (২৩ মে) সকাল ৮টায় অনলাইনে ২ জুনের টিকিট বিক্রি শুরু হয়। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর ৩০ মিনিটেই ১২ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ ৪২ লাখ হিট বা টিকিট কেনার চেষ্টা করা হয়েছে। আগের দিন ১ জুনের টিকিট কিনতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪৪ লাখ বার চেষ্টা (হিট) হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সূত্রে প্রকাশ, আগামী ২ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য ২৮ হাজার ২৮০টি টিকিট বরাদ্দ রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ২০ ট্রেনে ১৩ হাজার ৭১৪ আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য ১৭ ট্রেনে ১৪ হাজার ৫৬৬টি টিকিট বরাদ্দ রয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৩ হাজার ৬৩৭টি টিকিট বিক্রি হয়েছে। আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ৫৫ হাজার ৬০টি টিকিট। সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিক্রি হয়েছে ১৬ হাজার ২০টি টিকিট।
আগের দিন সকাল ৮ টায় শুরু হওয়া পশ্চিমাঞ্চলের টিকিট কিনতে ২৭ লাখ হিট আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট কিনতে ১৭ লাখ হিট করা হয়েছে। বরাদ্দের ২৯ হাজার ৭৭১টি টিকিটের মধ্যে দুপুর আড়াইটার মধ্যের দুই অঞ্চল মিলিয়ে ১৯ হাজার ১৩৪টি টিকিট বিক্রি হয়। সারা দেশে বরাদ্দ রাখা ১ লাখ ৬৩ হাজার ৭৮৩টি টিকিটের মধ্যে দুপুর আড়াইটা পর্যন্ত বিক্রি হয় ২৫ হাজার ৭৮৩টি টিকিট।







