ভারত-পাকিস্তান হ্যাক্টিভিজম: সাইবার যুদ্ধে উত্তপ্ত পরিস্থিতি

ভারত-পাকিস্তান হ্যাক্টিভিজম: সাইবার যুদ্ধে উত্তপ্ত পরিস্থিতি
১০ মে, ২০২৫ ২২:৫৮  
১০ মে, ২০২৫ ২২:৫৮  

গত ২২ এপ্রিল ২০২৫ তারিখে ভারত-শাসিত কাশ্মীরের পাহালগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় দেশের হ্যাক্টিভিস্ট গ্রুপগুলো ব্যাপক সাইবার আক্রমণ চালাচ্ছে, যা বর্তমানে একটি অনলাইন যুদ্ধের রূপ নিয়েছে। গুগল ক্লাউড ও ম্যান্ডিয়েন্টের এক গোপন প্রতিবেদনে এই সংঘাতের বিস্তারিত তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রো-ইন্ডিয়া হ্যাক্টিভিস্ট গ্রুপ ডেস্ক৪০৪ এবং ইন্ডিয়ান সাইবার ফোর্স পাকিস্তানের সরকারি ওয়েবসাইট, আর্থিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা নেটওয়ার্কের বিরুদ্ধে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস (ডিডস) আক্রমণ চালিয়েছে। তারা তাদের অভিযানকে 'অপারেশন পেব্যাক' নামে অভিহিত করেছে। 

অন্যদিকে, প্রো-পাকিস্তান গ্রুপ টিম ইনসেন পিকে, ঘোস্ট অব গাজা এবং অ্যাননপাওনিয়ার্স ভারতের স্বাস্থ্য সেক্টর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি পোর্টাল এবং বাণিজ্যিক ওয়েবসাইটগুলোকে লক্ষ্য করে একের পর এক আক্রমণ চালাচ্ছে।

মজার বিষয় হলো, কিছু হ্যাক্টিভিস্ট গ্রুপ প্রকাশ্যে পাওয়া তথ্য চুরি করে তা ডেটা ব্রিচ হিসেবে দাবি করছে। যেমন, টিম এজরায়েল নামের একটি গ্রুপ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে প্রকাশ্য তথ্য সংগ্রহ করে তা লিক হিসেবে পোস্ট করেছে, যা বাস্তবে কোনো সাইবার হ্যাকিংয়ের ফল নয়।

এই সংঘাতে শুধু ভারত ও পাকিস্তানই নয়, অন্যান্য দেশের হ্যাক্টিভিস্টরাও জড়িয়ে পড়েছে। জাকার্তা সাইবার হোয়াইট (ইন্দোনেশিয়া), দ্য অ্যানোনিমাস ৭১ (বাংলাদেশ), এবং আকাতসুকি সাইবার টিম (প্রো-প্যালেস্টাইন) এর মতো গ্রুপগুলো ভারতের বিরুদ্ধে সাইবার আক্রমণে যোগ দিয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, এই সাইবার যুদ্ধ উভয় দেশের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোকে হুমকির মুখে ফেলেছে। সরকারি তথ্য লিক, ওয়েবসাইট ডিফেসমেন্ট এবং সার্ভার ডাউন হওয়ার মতো ঘটনাগুলি সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছে। সামাজিক মাধ্যম ও টেলিগ্রামে এই সংঘাতের খবর দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে এই সাইবার যুদ্ধের কোনো শান্তিপূর্ণ সমাধান দেখা যাচ্ছে না। উভয় পক্ষের হ্যাক্টিভিস্ট গ্রুপগুলি তাদের কার্যক্রম আরও তীব্র করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ডিবিটেক/বিএমটি