কী চমক থাকছে এবারের গুগল আই/ও ইভেন্টে?

কী চমক থাকছে এবারের গুগল আই/ও ইভেন্টে?
৪ মে, ২০২৫ ১৩:৫৪  
৪ মে, ২০২৫ ১২:৫৪  

গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫’ শুরু হতে যাচ্ছে আগামী ২০ মে। এটি গুগলের বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি আয়োজন, যেখানে প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ উদ্ভাবন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রাধান্য থাকলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও রয়েছে বেশ কিছু বড় খবর। খবর এনগ্যাজেট।

অ্যান্ড্রয়েড ১৬
আই/ও শুরু হওয়ার এক সপ্তাহ আগেই ১৩ মে অনুষ্ঠিত হবে আলাদা একটি ইভেন্ট — “অ্যান্ড্রয়েড শো: আই/ও সংস্করণ”, যেখানে প্রতিষ্ঠানটির অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম প্রেসিডেন্ট সামীর সামাত অ্যান্ড্রয়েড ১৬ নিয়ে বিস্তারিত জানাবেন। গুগল ইতিমধ্যে নিশ্চিত করেছে যে, অ্যান্ড্রয়েড ১৬ বছরের মাঝামাঝি নাগাদ মুক্তি পাবে। নতুন সংস্করণে যুক্ত হতে পারে লাইভ অ্যাক্টিভিটিজের মতো “অনগোয়িং নোটিফিকেশন”, এবং ক্লাউড স্টোরেজ সমর্থিত উন্নত ফটো পিকার।

অ্যান্ড্রয়েড এক্সআর
একাধিক ব্যর্থ এক্সআর প্রকল্প (যেমন গুগল গ্লাস, ড্রিম ও কার্ডবোর্ড) পরেও গুগল আবারও বাজারে আসছে অ্যান্ড্রয়েড এক্সআর নিয়ে। এবারের উদ্যোগটি চালিত হবে গুগলের নিজস্ব জেমিনি এআই দ্বারা। স্যামসাং-এর সঙ্গে যৌথভাবে তৈরি হচ্ছে একটি এক্সআর হেডসেট — প্রজেক্ট মুহান, যা এই বছরেই উন্মোচিত হতে পারে। গুগলের লক্ষ্য হলো এক্সআর প্রযুক্তিকে আরও কার্যকর ও স্মার্ট করে তোলা।

এআই, জেমিনি ও প্রজেক্ট অ্যাস্ট্রা
গুগল বর্তমানে নিজেকে একটি এআই কোম্পানি হিসেবে পুনঃস্থাপন করছে। ফলে আই/ও ২০২৫-এ জেমিনি এআই ভিত্তিক নতুন ফিচার যেমন এআই ওভারভিউ ও এআই মোড এর আপডেট আসতে পারে। এছাড়া প্রজেক্ট মেরিনার নিয়ে নতুন ঘোষণা আসার সম্ভাবনাও রয়েছে, যা একটি ওয়েব ব্রাউজিং এজেন্ট।

বিশেষভাবে নজর কাড়বে প্রজেক্ট অ্যাস্ট্রা — একটি মাল্টিমোডাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যা ছবি দেখে ও বুঝে কথা বলতে পারে। ২০২৪ সালের ডেমোতে প্রযুক্তিটি চমক সৃষ্টি করলেও তা এখনও পরিপক্ব নয়। এবার হয়তো এর আরও উন্নত সংস্করণ দেখা যেতে পারে।

ওয়্যার ওএস ও অন্যান্য
গত বছর ওয়্যার এএস নিয়ে গুগলের মূল বক্তব্যে কিছু না থাকলেও, এবার ওয়্যার ওএস ৫.১ নিয়ে নতুন ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে, ২০২৩ সালে চালু হওয়া নোটবুকএলএম নামের স্মার্ট নোট-টেকিং অ্যাপের মোবাইল সংস্করণ আই/ও ২০২৫-এর প্রথম দিনেই উন্মোচন হতে পারে।

চমক থাকবে কী?
গুগলের লিক হওয়া তথ্যে অভ্যস্ত প্রযুক্তি দুনিয়া এবার চমক আশা না করলেও, প্রতিষ্ঠানটি মাঝে মাঝে অপ্রত্যাশিত কিছু নিয়ে হাজির হয়। সবকিছু জানতে চোখ রাখতে হবে ২০ ও ২১ মে, গুগল আই/ও ২০২৫-এ।

এটি হতে যাচ্ছে গুগলের সর্ববৃহৎ এআই-কেন্দ্রিক সম্মেলন, যেখানে অ্যান্ড্রয়েড ও ভবিষ্যৎ প্রযুক্তির মিলন ঘটবে এক মঞ্চে।

ডিবিটেক/বিএমটি