সিইও পদ ছাড়ছেন ওয়ারেন বাফেট
বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী ও বার্কশায়ার হ্যাথাওয়ের দীর্ঘদিনের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট ২০২৫ সালের শেষ নাগাদ সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্স।
ওমাহায় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, “আমি মনে করি সময় এসেছে গ্রেগ অ্যাবেলকে সিইও করার।”
৯৪ বছর বয়সী বাফেট গত ৬০ বছর ধরে বার্কশায়ার হ্যাথাওয়ের নেতৃত্ব দিয়ে একে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ও সফল কংগ্লোমারেটে পরিণত করেছেন।
নতুন সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছেন গ্রেগ অ্যাবেল, যিনি ২০১৮ সাল থেকে কোম্পানির ভাইস চেয়ারম্যান এবং ২০২১ সাল থেকেই বাফেটের উত্তরসূরি হিসেবে বিবেচিত হয়ে আসছেন। অ্যাবেল বলেন, “আমি বার্কশায়ারের অংশ হতে পেরে গর্বিত এবং কৃতজ্ঞ।”
বাফেট জানিয়েছেন, তিনি কোম্পানির বোর্ডে থেকে মাঝে মাঝে উপকারে আসতে পারেন, তবে সব চূড়ান্ত সিদ্ধান্ত এখন অ্যাবেলের হাতে থাকবে। এ ছাড়াও তিনি বলেন, তার বার্কশায়ারের শেয়ার বিক্রি করার কোনো ইচ্ছা নেই এবং মৃত্যুর পর তা দান করে যাবেন।
জেপি মরগ্যানের সিইও জেমি ডাইমন এবং অ্যাপলের সিইও টিম কুকসহ অনেকেই বাফেটের নেতৃত্ব ও নৈতিকতার ভূয়সী প্রশংসা করেছেন।
ডিবিটেক/বিএমটি







