লাইভস্ট্রিমিং সেবা আনছে নেটফ্লিক্স

১৬ মে, ২০২২ ০০:১৪  
স্ক্রিপ্টবিহীন অনুষ্ঠানমালা ও কমেডি শো’র লাইভ সম্প্রচার করবে নেটফ্লিক্স। এই লক্ষে লাইভস্ট্রিমিং সেবা চালুর প্রাথমিক পর্যায়ে রয়েছে কোম্পানিটি। মার্কিন বিনোদন সাইট ডেডলাইনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনগ্যাজেট। এই লাইভস্ট্রিমিং সুবিধা নেটফ্লিক্সে হালের আবাসন ভিত্তিক রিয়েলিটি শো ‘সেলিং সানসেট’-এর মতো অন্যান্য অনুষ্ঠানের সম্প্রচারের সম্ভাবনা আরও বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি, অন্যান্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেও সরাসরি ভোটের সুবিধা আনতে পারে। নতুন এই সেবা ব্যবহার করে সরাসরি বিভিন্ন ‘কমেডি স্পেশালস’ সম্প্রচার করতে পারবে নেটফ্লিক্স। এ বছর 'নেটফ্লিক্স ইজ এ জোক ফেস্ট’ নামে নিজেদের প্রথম ‘লাইভ’ এবং ‘ইন-পার্সন’ কৌতুক উৎসব আয়োজন করেছে স্ট্রিমিং প্রতিষ্ঠানটি। লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক এই উৎসব বেশ কয়েকদিন চলেছে। এতে অ্যালি অং, বিল বার, জেরি সাইনফিল্ড, জন মুলানিসহ ১৩০ জনের বেশি জনপ্রিয় কৌতুক অভিনেতা অংশ নিয়েছেন। উৎসবটির কিছু অনুষ্ঠান এ মাসের শেষে এবং জুনের শুরুতে সম্প্রচার হতে পারে নেটফ্লিক্সে। স্ট্রিম সেবায় লাইভ সুবিধা থাকলে গ্রাহকরা সরাসরিই এসব অনুষ্ঠান দেখতে পারবে। তবে, নেটফ্লিক্স আগামী বছর অনুষ্ঠানটি আনবে কি না, সেটিও বিবেচনার বিষয়। ঠিক কবে নাগাদ লাইভস্ট্রিমিং সেবা চালু হবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, নেটফ্লিক্সের একটি ছোট টিম এই সেবা চালুর কাজ করছে। ডিবিটেক/বিএমটি