বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট ‘ব্লক করতে’ বিটিআরসিকে নির্দেশ
বিচার বিভাগ নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করায় আইনজীবী ইউনুছ আলী আকন্দের ফেসবুক অ্যাকাউন্ট ‘ব্লক করতে’ বিটিআরসিকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে এই খবর লেখা পর্যন্ত আদালতের আদেশ বিটিআরসির কাছে পৌঁছানোর খবর পাওয়া যায়নি।
জানাগেছে, বিচার বিভাগ নিয়ে ফেসবুকে আইনজীবী ইউনুছ আলী আকন্দের কিছু মন্তব্য রোববার সকালে আপিল বেঞ্চের নজরে আনেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এরপর সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (আপিল ও হাই কোর্ট বিভাগ) তার আইন পেশা পরিচালনার অনুমতি দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়। একইসঙ্গে ইউনুছ আলী আকন্দের ফেইসবুক পেইজ থেকে বিচার বিভাগ নিয়ে তার মন্তব্য অপসারণ করে তার অ্যাকাউন্ট ‘ব্লক করতে’ বিটিআরসিকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
দুপুরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, মনসুরুল হক চৌধুরী, আব্দুল মতিন খসরু, সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, আইনজীবী মনজিল মোরেসদ ও সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজলের বক্তব্য শুনে আদালত এই আদেশ দেন।
কোনো নির্দিষ্ট ব্যক্তির ফেসবুক বন্ধ করতে বিটিআরসিকে আদালতের নির্দেশ দেওয়ার ঘটনা ‘সম্ভবত’ এটাই প্রথম বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের একাধিক জ্যেষ্ঠ আইনজীবী।