বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারদের দেখা মিলবে শিগগিরই

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারদের দেখা মিলবে শিগগিরই
২০ জানুয়ারি, ২০২৫ ১০:৩৩  

বিশ্বের ধনকুবেরদের সম্পদের পরিমাণ দ্রুত বেড়ে চলেছে। ওক্সফামের বার্ষিক ইনইকুয়ালিটি প্রতিবেদনে বলা হয়েছে, চলমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী এক দশকের মধ্যেই পাঁচজন ব্যক্তি ট্রিলিয়ন ডলারের সম্পদ অর্জন করবেন। খবর দ্য ভার্জ।

প্রতিবেদন অনুযায়ী, টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক, যিনি বর্তমানে ৪৩০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের মাধ্যমে বিশ্বের শীর্ষ ধনী, আগামী পাঁচ বছরের মধ্যেই ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলবেন। তার সঙ্গে এই তালিকায় যোগ দেবেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, মেটার সিইও মার্ক জুকারবার্গ এবং এলভিএমএইচ সিইও বার্নার্ড আর্নল্ট।

প্রতিবেদনটি ওক্সফামের উদ্যোগে ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রাক্কালে প্রকাশ করা হয়। এতে জানানো হয়, ২০২৪ সালে ধনীদের সম্পদ দ্রুত বাড়ার কারণ ছিল মার্কিন শেয়ারবাজারের ঊর্ধ্বগতি। মাত্র এক বছরেই বিশ্বের বিলিয়নিয়ারদের সম্পদ ২.১ ট্রিলিয়ন বেড়ে ১৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

এদিকে, ওক্সফাম উল্লেখ করেছে, ধনীদের এক-তৃতীয়াংশের সম্পদ উত্তরাধিকারের মাধ্যমে এসেছে। ২০২৩ সালে উত্তরাধিকার থেকে সম্পদ অর্জনের সংখ্যাই উদ্যোক্তা হওয়ার চেয়ে বেশি ছিল।

এ বিষয়ে ওক্সফামের সিনিয়র নীতিনির্ধারক রেবেকা রিডেল বলেন, “উত্তরাধিকার কর ছাড়ের সুযোগে আগামী প্রজন্মে সম্পদের সবচেয়ে বড় স্থানান্তর ঘটতে চলেছে, যা প্রায় করহীন এবং অনিয়ন্ত্রিত।”

এছাড়া, ধনকুবেরদের রাজনীতিতে প্রভাব বৃদ্ধির বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওক্সফামের মতে, আসন্ন ট্রাম্প প্রশাসনে ধনীদের প্রভাব অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিদায়ী ভাষণে বলেন, “ধন-সম্পদ ও ক্ষমতার এই কেন্দ্রীয়করণ আমাদের গণতন্ত্রের জন্য হুমকি।”