গুজব এক ধরনের তথ্য সন্ত্রাস : প্রধান তথ্য কর্মকর্তা

গুজব এক ধরনের তথ্য সন্ত্রাস : প্রধান তথ্য কর্মকর্তা
২০ জানুয়ারি, ২০২৫ ১০:১৯  

গুজবকে তথ্য সন্ত্রাসের সঙ্গে তুলনা করে ‘তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব প্রতিরোধ করা একটি বড়ো চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর নিজামূল কবীর। সোমবার (২০ জানুয়ারি) তথ্য অধিদফতরের সভাকক্ষে আধুনিক জনসংযোগ কৌশল, ধারণা ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

এসময় জনগুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রচারের আহ্বান জানিয়ে মন্ত্রণালয়-সংক্রান্ত গুজব প্রতিরোধে জনসংযোগ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

আধুনিক জনসংযোগ কৌশলের প্রয়োগের উপর গুরুত্বারোপ করে প্রধান তথ্য অফিসার বলেন, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব হলো উপদেষ্টাগণের গুরুত্বপূর্ণ কার্যক্রমের সংবাদ প্রচার করা। এর পাশাপাশি স্ব-স্ব মন্ত্রণালয়ের জনগুরুত্বপূর্ণ ও উন্নয়ন কার্যক্রম-সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রচার করাও জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্ব। তিনি বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রচারের জন্য জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

তারুণ্যের উৎসব ২০২৫ প্রসঙ্গে প্রধান তথ্য অফিসার বলেন, জনসংযোগ কর্মকর্তাগণকে গুরুত্ব সহকারে স্ব-স্ব মন্ত্রণালয়ের তারুণ্যের উৎসব উদ্‌যাপন-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রচার করতে হবে। তিনি তারুণ্যের উৎসব বিষয়ে ফিচার ও নিবন্ধ লেখার জন্য জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

দিনব্যাপী এই প্রশিক্ষণে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ম. জাভেদ ইকবাল, উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আলী সরকার-সহ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও তথ্য অধিদফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।