আইসিইউতে মামুনুর রশীদ

বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত এই গুণী শিল্পী বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগে চার দিন ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মামুনুর রশীদ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মেডিকেল বোর্ডের বৈঠকের পর তার শারীরিক অবস্থার […] The post আইসিইউতে মামুনুর রশীদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আইসিইউতে মামুনুর রশীদ
২৬ নভেম্বর, ২০২৬ ২০:০০  

বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত এই গুণী শিল্পী বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগে চার দিন ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মামুনুর রশীদ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মেডিকেল বোর্ডের বৈঠকের পর তার শারীরিক অবস্থার সংকটাপন্ন দিকটি পরিবারকে জানানো হয়। শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করায় উন্নত চিকিৎসার স্বার্থে বুধবার দিবাগত রাতেই তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার ছোট ভাই রশিদ আমিন এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগেও গুরুতর অসুস্থতার কারণে আইসিইউতে থাকতে হয়েছিল এই প্রবীণ নাট্যব্যক্তিত্বকে। গত বছরের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা-নিরীক্ষায় তার দুই ফুসফুসে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। তখন ছয় দিন আইসিইউতে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি এবং যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফিরে আবারও অভিনয়ে সরব হয়েছিলেন।

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্ম নেওয়া মামুনুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ষাটের দশকে ‘চেনামুখ’ নাটক লেখার মধ্য দিয়ে টেলিভিশনে তার যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে তার নেতৃত্বে গঠিত হয় দেশের অন্যতম প্রধান নাট্যদল ‘আরণ্যক’। ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’-এর মতো অসংখ্য কালজয়ী মঞ্চনাটক দিয়ে তিনি বাংলা নাটককে সমৃদ্ধ করেছেন।

মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও রেখেছেন অনন্য ছাপ। ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’-এর মতো আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘মনপুরা’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন এই বরেণ্য শিল্পী। প্রিয় এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনায় সহকর্মী ও ভক্তদের মাঝে উদ্বেগ ও প্রার্থনা বিরাজ করছে।

The post আইসিইউতে মামুনুর রশীদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.