নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী
ঢাকা: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন আয়োজিত ‘জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা […] The post নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন আয়োজিত ‘জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশের বেশি নারী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবেন না এবং নারীরা তাদের প্রাপ্য সম্মান পাবেন।
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনের শিকার হলে দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করতে সমাজকল্যাণ, নারী ও শিশুবিষয়ক এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে এরইমধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ভুক্তভোগীরা এক ছাতার নিচে প্রয়োজনীয় সব সেবা পাবেন।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, সরকার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সম্মিলিত উদ্যোগ ছাড়া এ সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯৫ সালে বিশ্বের মাত্র ১২টি দেশে নারী নির্যাতন প্রতিরোধে আইন ছিল। ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে ১০৪টিতে দাঁড়িয়েছে। তবে আইন থাকা সত্ত্বেও বিশ্বজুড়ে নারীরা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে প্রযুক্তিনির্ভর সহিংসতা।
বক্তারা বাংলাদেশের নারী নির্যাতনসংক্রান্ত বিদ্যমান আইন আরও যুগোপযোগী করার পাশাপাশি কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীর অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।
নারী ও শিশুবিষয়ক সচিব ড. রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেকনিয়াক। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, সুশীল সমাজ, দেশি-বিদেশি এনজিও এবং নারী ও শিশু অধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
The post নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





